বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির অস্থায়ী হল উদ্বোধন

২০ ফেব্রুয়ারি, ২০২০ ২২:০১  
শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে গাজীপুরের কালিয়াকৈরে মূল ক্যাম্পাসের পাশে একটি অস্থায়ী ছাত্র হল এবং একটি অস্থায়ী ছাত্রী হল নির্মাণ করেছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি “ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২০) দুপুরে হল দুটোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এসময় ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফ উদ্দিন, অধ্যাপক ড. আকতারুজ্জামান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, আমরা শুরু থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ভার্চুয়াল মেশিন এবং ইউনিভার্সিটির ক্লাউড সার্ভারে প্রতি শিক্ষার্থীর জন্য ২০০ জিবি হোস্টিং সুবিধা প্রদান করে আসছি। উদ্বোধনী অনুষ্ঠানে আগতদের স্বাগত বক্তব্যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফ উদ্দিন জানান, ইউনিভার্সিটির ছাত্র হলে প্রায় ২৫০ জন ছাত্র এবং ছাত্রী হলে প্রায় ১০০ জন ছাত্রী থাকার ব্যবস্থা রয়েছে।