প্রথম দিন অনলাইনে আ’লীগের ১৪ মনোনয়ন ফরম সংগ্রহ, সাকিব সংগ্রহ করেছেন ৩ আসন থেকে

১৮ নভেম্বর, ২০২৩ ১৬:১৫  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরসারির পাশাপাশি অনলাইনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়েছে। শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন ফরম কেনার সঙ্গে সঙ্গে Smart Nomination App নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ।

এরপর প্রথম দিনেই ১০৬৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১০৫০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা-১, মাগুরা-২ ও  ঢাকা-১০ এর জন্য প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে খবর পাওয়া গেছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, প্রথম দিনে ঢাকা বিভাগে ২১৩টি, চট্টগ্রাম বিভাগে ১৯৮টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৬৯টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

গুগল প্লে-স্টোর অথবা IOS অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়াও nomination.albd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাচ্ছে। এজন্য মোবাইল নম্বর দিয়ে আগে প্রার্থীতে তার নাম নিবন্ধন করতে হচ্ছে। এরপর লগ-ইন করে নিময় অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।

আওয়ামী লীগ জানিয়েছে, কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপর নির্বাচনী এলাকা, মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এক্ষেত্রে মনোনয়ন পত্র কেনার ক্ষেত্রে অনলাইন ও অ্যাপ বাড়তি ‍সুবিধা হিসেবে দেখছেন অনেক প্রার্থী।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী চার দিন (মঙ্গলবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।