পরমাণু বিজ্ঞানী খুনের বদলা নেবে ইরান

২৮ নভেম্বর, ২০২০ ১৭:১৪  
শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফকিরজাদেহ হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। হামলায় জড়িতদের বিরুদ্ধে বজ্রের মতো আঘাত হানার এই ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির সামরিক উপদেষ্টা হোসেইন দেগান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের দিকে আঙুল তুলে ‘রাষ্ট্রীয় এ সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা’ জানাতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভাঞ্চিও হত্যাকাণ্ডের পেছনে বিদেশি শক্তি বিশেষ করে ইসরায়েলের জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করতেই এ কাণ্ড ঘটানো হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন  তিনি। শুক্রবার তেহরানের কাছে এক চোরাগোপ্তা হামলায় মহসেন নিহত হন। বিবিসি জানিয়েছে, দামাভান্দ এলাকার আবজার্দে ইরানি এ পরমাণু বিজ্ঞানীর গাড়ি লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার পর আহত মহসেনকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি।