নিজেদের এআই চিপ আনলো মাইক্রোসফট
ব্যয় কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য নতুন দুটি কম্পিউটিং চিপ নিয়ে এল মাইক্রোসফট।
এআই কম্পিউটিংয়ের গতির সঙ্গে সঙ্গে মাসিক ৩০ ডলারের সাবস্ক্রিপশনে বাণিজ্যিক গ্রাহকদের জন্য নির্মিত “কোপাইলট” সেবার সক্ষমতা বাড়াতে মাইক্রোসফট সিয়াটলে বুধবার অনুষ্ঠিত ইগনাইট ডেভেলপার সম্মেলনে মায়য়া নামের একটি চিপ উন্মুক্ত করে। আর মাইক্রোসফটের দ্বিতীয় চিপ ‘কোবাল্ট’ এর কথা গত মঙ্গলবার ঘোষণা করা হয়।
নিজস্ব সফটওয়্যার ও আজুর ক্লাউড কম্পিউটিং সার্ভিসে এসব চিপ ব্যবহার হবে বলে খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। খবরে প্রকাশ, এআই প্রযুক্তি ও মাইক্রোসফটের কোপাইলট সার্ভিসে ব্যবহৃত হবে চিপ দুটি। সেইসঙ্গে এআইভিত্তিক বিভিন্ন সার্ভিস তৈরিতে ডেভেলপাররা এই চিপ ব্যবহার করতে পারবে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রসেস করার জন্য মাইয়া চিপের নকশা করা হয়। মাইক্রোসফটের অংশীদারি কোম্পানি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও আজুর ক্লাউড সার্ভিসে এই চিপ ব্যবহার করা হবে।
মাইক্রোসফটের দ্বিতীয় চিপ ‘কোবাল্ট’ কোম্পানির অভ্যন্তরের খরচ সাশ্রয় করবে। এটি মাইক্রোসফট ক্লাউড পরিসেবার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যামাজন ওয়েব সার্ভিসের (এডাব্লুএস) সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে।
কোবাল্ট চিপ আর্ম হোল্ডিংসের প্রযুক্তি দিয়ে তৈরি একটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (সিপিইউ)। মাইক্রোসফট বলেছে, ইতিমধ্যেই কোবাল্টকে বিভিন্ন ব্যবসায়িক টুলে ব্যবহার করা শুরু করা হয়েছে।
গুথরি বলেছে, অ্যামাজন ওয়েব সার্ভিসের গ্র্যাভিটন চিপের সঙ্গে প্রতিযোগিতা করতে কোবাল্টকে সরাসরি বিক্রি করতে চায় মাইক্রোসফট।
এই মাসের শেষ দিকে এডাব্লুএস একটি ডেভেলপার কনফারেন্সের আয়োজন করবে। গ্র্যাভিটন চিপের প্রায় ৫০ হাজার গ্রাহক আছে বলে অ্যামাজন দাবি করছে।
মাইক্রোসফটের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ব্যয় কমাতে তারা প্রায় সব কার্যক্রমকে একগুচ্ছ মৌলিক এআই মডেলের আওতায় আনার পরিকল্পনা করছে। সে কারণেই নতুন চিপটি বানিয়েছে কোম্পানিটি।







