জলবায়ু সহনশীল স্মার্ট কৃষি প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশ আর্জেন্টিনা সমঝোতা চুক্তি সই

৭ ডিসেম্বর, ২০২৩ ১৩:১২  

পরিবর্তিত জলবায়ু সহনশীল স্মার্ট প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার এবং উদ্ভিদের জিনগত উৎসের বিনিময়, সংরক্ষণ ও উপযোগিতাসহ কৃষিক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করবে আর্জেন্টিনা। এ লক্ষ্যে বৃহস্পতিবার উভয় দেশের মধ্যে মধ্যে ৯টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। সচিবালয়ে স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং আর্জেন্টিনার পক্ষে দেশটির অর্থমন্ত্রী সার্জিও টমাস মাসা স্বাক্ষর করেন।

আর্জেন্টিনার অর্থমন্ত্রী বলেন, '৪ বছর আগে শুরু হওয়া কৃষিখাতে সহযোগিতামূলক আলোচনা আজ বাস্তবায়নের পথে। এটা অত্যন্ত আনন্দের এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে।'

এছাড়াও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ‘কৃষিক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে অনেক সুযোগ রযেছে। সমঝোতা স্মারকের মধ্য দিয়ে সেইসব খাতে কাজ করার সুযোগ আরও বাড়ল।’

ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশে গম ও ভুট্টাসহ বেশকিছু খাদ্যশস্য কম উৎপন্ন হয় বলে আমদানি করতে বাধ্য হয় উল্লেখ করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, 'আর্জেন্টিনার সহযোগিতায় কৃষি বিষয়ক প্রযুক্তি ও জ্ঞান এবং খাদ্যশস্য বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে।'

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

তিনি আরো বলেন, এই সমঝোতার মাধ্যমে বিশ্বের আরেকটি প্রান্তে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশ্বের দক্ষিণাঞ্চলে আমরা যেতে পারব। প্রাকৃতিক সম্পদে ভরপুর আর্জেন্টিনা খুবই সম্পদশালী দেশ। কাজেই বৈশ্বিক পর্যায়ের সহযোগিতায় এটি একটি নতুন অধ্যায়।

কৃষিমন্ত্রী বলেন, আমরা আর্জেন্টিনা থেকে সয়াবিনসহ গবাদিপশুর খবার আমদানি করি। আপনারা জানেন, দেশটি থেকে আমাদের দুই বিলিয়ন ডলারে বেশি ভোজ্য তেল আনতে হয়। পোল্ট্রির প্রোটিন নির্ভর করে সয়াবিনের ওপরে, সেক্ষেত্রে সয়াবিন উৎপাদনে নেতৃত্বদানকারী দেশগুলোর একটি হচ্ছে আর্জেন্টিনা।

তিনি আরও বলেন, আমি করি এই সমঝোতা স্মারক সই করার মধ্য দিয়ে আর্জেন্টিনা থেকে সয়াবিন আনতে পারব। এছাড়া, তাদের সঙ্গে আরও কৃষিপণ্যের ব্যবসা হবে। আমাদের কৃষিকে উন্নত করতে তারা সহযোগিতা করবে। এছাড়া জলবায়ু সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আমরা একসঙ্গে কাজ করব।

আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিশ্ব অর্থনীতিতে প্রতিযোগিতা করতে যাচ্ছি। অনেক কৃষি পণ্যে আমরা উদ্বৃত্ত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ভবিষ্যতে উদ্বৃত্ত পণ্য কৃষি প্রক্রিয়াজাতকরণের শিল্প স্থাপনে আমরা আর্জেন্টিনার সহযোগিতা নেব। ব্রিডিংয়ের জাত উদ্ভাবন ও জৈবপ্রযুক্তির ক্ষেত্রে আমরা আর্জেন্টিনার সহায়তা পাব।

চুক্তিসই অনুষ্ঠানে কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটওয়ারী, যুগ্ম সচিব ড. মো. মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।