জরুরী পণ্য পৌঁছে দিচ্ছে ই-ক্যাব সদস্যরা

৩০ মার্চ, ২০২০ ০৫:২০  
দেশে করোনা ভাইরাস সংক্রমন রোধে ঘোষিত বিশেষ জরুরী পরিস্থিতিতে জনসাধারণের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জরুরী ঔষধ সরবরাহ করছে সাতটি ই-লজিস্টিক প্রতিষ্ঠান। এরা হচ্ছে বিদ্যুৎ, ই-কুরিয়ার, পেপা্রফ্লাই, সন্দরবন, রেডেক্স, স্টিডফাস্ট ও সি এক্সপ্রেস। একইভাবে জরুরী পণ্য সেবা পৌঁছে দেয়ার কাজ অব্যাহত রেখেছে সহজ এবং পাঠাও। অপরদিকে চালডাল, দারাজ, ইভ্যালি, ফুডপান্ডা, সেবা এক্সওয়াইজেড, ডায়বেটিক স্টোর, সিন্দাবাদ, পিকাবো, মিনা ক্লিক, জাদরো ও ঘরে বাজারসহ বেশ কয়েকটি ই-কমার্স কোম্পানী তাদের জরুরী নিত্যপণ্য সেবা অনলাইনে গ্রহণ করে তা নিরাপদে গ্রাহকের দরজায় পৌঁছে দিচ্ছে। মন্ত্রিপরিষদ এবং বিভাগীয় কমিশনারের অনুমতি পত্রসহ বিশেষ স্টিকার নিয়ে এই সেবা দিচ্ছে ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল বলেন, আমরা জরুরী অবস্থার মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও জরুরী ঔষধ সরবরাহে জনসাধারণের পাশে থেকে কাজ করার জন্য আমাদের সদস্য কোম্পানীসমূহকে অনুরোধ করেছি। এছাড়া তাদের কর্মীদের এবং ক্রেতাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য, মাস্ক, সার্জিকাল গ্লাভস, স্যানিটাইজার, বাড়তি পলিপ্যাক, হেডক্যাপ ও গাউনসহ পিপিই ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছি। ই-ক্যাবের সদস্য কোম্পানীসমূহ নির্দেশনা মেনে তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।