চীনে যাচ্ছে পেপাল

৩০ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:০০  
চীনের বাজারে প্রথমবারের মতো কোনো বিদেশি পেমেন্ট সেবা হিসেবে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডিজিটাল আর্থিক লেনদেন প্লাটফর্ম পেপাল হোল্ডিংস ইনকর্পোরেশন। স্থানীয় পেমেন্ট প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে তারা এই সুযোগ পাচ্ছে। খবর রয়টার্স। ইতিমধ্যেই বেইজিংয়ের নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে এ বিষয়ে অনুমতি মিলেছে। চীনে স্থানীয় পেমেন্ট সেবা গোপে ইনফরমেশন টেকনোলজি তাদের শেয়ারের ৭০ শতাংশ পেপালের কাছে বিক্রি করার এই অনুমতি নিয়েছে। উভয় কোম্পানি বিষয়টি স্বীকার করেছে। একটি বিবৃতিতে গোপে জানায়, তাদের মোবাইল, অনলাইন এবং ক্রস-বর্ডার ইয়ান পেমেন্ট সেবার লাইসেন্স রয়েছে। এই বছরের শেষ নাগাদ অধিগ্রহণ প্রক্রিয়াটি শেষ হতে পারে। তবে আর্থিক পরিমান উল্লেখ করা হয়নি। ডিবিটেক/বিএমটি