চলতি মাসেই চালু হচ্ছে টোল ফ্রি ৩৩৩৬

৪ জুন, ২০২০ ১১:৫৭  
করোনাকালে ক্রমেই গুরুত্ব বাড়ছে জরুরি তথ্য ও সেবার হটলাইন নম্বর ৩৩৩। স্বাস্থ্য সেবা, ত্রাণসামগ্রী বিতরণে সফলতা আসায় এবার প্রান্তিক পর্যায়ে শিক্ষাসেবায় চলতি মাসেই চালু হচ্ছে ৩৩৩৬। যে কোনো মুঠোফোন থেকেই এই নম্বরে ফ্রি কল করে শিক্ষকদের কাছ থেকে পাঠ বুঝে নিতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সম্মিলিত উদ্যোগে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পাঁচ মিনিট পর্যন্ত কলটি হবে টোল ফ্রি থাকবে এবং সারাদেশের প্রাথমিক শিক্ষক ও শিক্ষার্থীরা এ হেল্প লাইন নম্বরে যুক্ত থাকছেন বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। কোচিং এর বিকল্প হিসেবে এই সেবাটি শিক্ষার্থীদের কাজে দেবে মলে আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে এটুআইয়ের শিক্ষক বাতায়নে থাকা দেশের ২ হাজার ৫০০ শিক্ষক এবং সাড়ে ৪ লাখ শিক্ষার্থী এই নেটওয়ার্কে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈষম্যমুক্ত গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহর থেকে গ্রাম, কেন্দ্র থেকে প্রান্তে মহামারি ছাড়াও বিশেষ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম বেগবান করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।