গুগল মিটের শর্টকাট চালু

২১ জুন, ২০২০ ১২:২১  
ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মকে আরও সামনে এগিয়ে নিতে নতুন নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে গুগল। সেই ধারাবাহিকতায় এবার গুগল মিটের সঙ্গে যুক্ত করা হয়েছে ডটনিউ (.new) লিংক। গুগল জি স্যুটের ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট জেভিয়ার সলতেরো এই লিংকটি ব্যবহারে ব্যবহারকারীদের স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এখন থেকে মিট ডটনিউ (http://meet.new) লিংকটি কাজ করবে। কোনো ওয়েব ব্রাউজারে ইংরেজিতে মিট ডটনিউ লিখলে তা শর্টকাট লিংক হিসেবে কাজ করে গুগল মিটে নিয়ে যাবে। মূলত, জিমেইলে ‘স্টার্ট আ মিটিং’ ক্লিক করলে যে লিংক সৃষ্টি হয়, এটা সেই লিংক হিসেবেই অনলাইনে ভিডিও কনফারেন্স করার সুবিধা দেবে। এতে বিনা মূল্যে এক ঘণ্টা কল করার সুযোগ থাকবে। তবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই লিমিটেশন থাকছে না। জানাগেছে, চলতি সপ্তাহে গুগল অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জিমেইল অ্যাপে গুগল মিট ভিডিও কল সেবার শর্টকাট যুক্ত করেছে। যারা এখনো এ সুবিধা পাননি, তারা শিগগিরই পেয়ে যাবেন। স্মার্টফোন ব্যবহারকারী এ সুবিধা পাওয়ার পর তাদের জিমেইল অ্যাপে মিট ট্যাব দেখতে পাবেন। গুগল মিট কল কখন কাকে করা হবে, সেই তালিকাও থাকবে ওই ট্যাবের ক্যালেন্ডারে।