ক্লাস বর্জন করে বিক্ষোভ বুয়েট শিক্ষার্থীদের
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামি আশিকুল ইসলাম বিটু ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের অফিসের সামনে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানিয়েছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। বেলা পৌনে ১১টার দিকে তারা বুয়েট উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন।
বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রাসাদ মজুমদারের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। শিক্ষার্থীদের কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হয়নি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানান তারা।
আন্দোলনকারীদের একজন বলেন, আমরা খুনির সঙ্গে ক্লাস করতে চাই না। বিটুর কোর্স রেজিস্ট্রেশন যতক্ষণ বাতিল করার ঘোষণা না আসবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।
সংবাদ সম্মেলন করে বক্তব্য তুলে ধরা হবে বলে জানান বুয়েট শিক্ষার্থীরা।
এর আগে ২০২১ সালের ২২ মে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনলাইন ক্লাসে যোগদান করেন আশিকুল ইসলাম বিটু। কিন্তু শিক্ষার্থীরা তখনও ক্লাস বর্জনের মতো প্রতিবাদ কর্মসূচি দিলে তিনি আর ক্লাস করতে পারেননি।
এরপর সম্প্রতি আবারও আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম (বিটু) ক্লাসে ফিরে এসেছেন। গত ৬ আগস্ট কেমিক্যাল ১৯ ব্যাচের ক্লাসে তাকে আবারও দেখা যায়। এ ঘটনায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা চরমভাবে ক্ষিপ্ত।







