ক্লাস খুললেই শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ইন্টারনেট মিশন
ক্লাস খুললেই প্রতিটি টিঅ্যান্ডটি স্কুল ডিজিটাল হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিটিসিএল আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল বিতরণী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন ব্যক্তিই নন। একটি দেশ। একটি কাল।
অনুষ্ঠানে মন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন।
বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের নানা দিক ও কীর্তি তুলে ধরেন কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতিক।
এছাড়াও বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক অধিদপ্তরের মহপরিচালক মো: সিরাজ উদ্দিন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান টেলিটক ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন সংস্থাসমূহের কর্মকর্তা কর্মচারিগণ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
ডাক অধিদপ্তর ও বিটিসিএল পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনে আলোচনা সভায় অংশ নেন।