এক চার্জে ভিডিও চলবে সাড়ে ২১ ঘণ্টা!

১৬ নভেম্বর, ২০২৪ ১৬:০৫  

ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার সুপার ডিউরেবল ব্যাটারিযুক্ত এক্স৭সি মডেলের একটি স্মার্টাফোন দেশের বাজারে এনেছে অনার বাংলাদেশ। মিডনাইট ব্ল্যাক ও ফরেস্ট গ্রিন- দুই রঙে পৌনে সাত ইঞ্চি পর্দার ফোনটির দাম ধরা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা।

অনারের দাবি, ডিভাইসটিতে উচ্চমান-সম্পন্ন ব্যাটারি থাকায় ২৮.৫ ঘণ্টা পর্যন্ত অনলাইন স্ট্রিমিং ও ২১.৫ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও গান শোনা যাবে; অর্থাৎ, সারাদিন নিরবচ্ছিন্নভাবে ফোনটি ব্যবহার করা সম্ভব হবে। ব্যাটারি লাইফ যখন একদম কম থাকবে তখনও অনার আলট্রা পাওয়ার-সেভিংস মোডের কারণে ডিভাইসটি সমানতালে ব্যবহার করা যাবে। ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৫৫ মিনিট টানা কথা বলা যাবে। হ্যান্ডসেটটির ৩৫ ওয়াট অনার সুপারচার্জ প্রযুক্তির কারণে এখন চার্জিং নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন ব্যবহারকারী; এর টাইপ-সি ওয়্যারড চার্জিং ব্যাটারি দ্রুত চার্জ করতে সক্ষম।

অনার এক্স৭সি’তে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। র‍্যাম টার্বো টেকনোলজি ব্যবহার করায় মাল্টিটাস্কিং ও অ্যাপ সুইচের মতো কাজ করার ক্ষেত্রে ১৬ জিবির (৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি ভার্চুয়াল) মতো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।