উপজেলায় ১০০জিবিপিএস গতির ইন্টারনেট দেবে বিটিসিএল
আসন্ন ৫জি ইন্টারনেটের চাহিদা পূরণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ১০০জিবিপিএস ক্যাপাসিটির নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ব টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
পরিকল্পনা অনুযায়ী, দেশের ১২১৬টি ইউনিয়নে ২০২৩ সালের মধ্যে ৫জি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সহজলভ্য করার জন্য প্রকল্প হাতে নিয়েছে টেলিসেবাদাতা প্রতিষ্ঠানটি। একইসঙ্গে সংযোগ নিরবিচ্ছিন্ন নিরবচ্ছিন্ন রাখার জন্য ব্যবহার করবে অটোমেটিক সুইচড অপটিক্যাল নেটওয়ার্ক বা অ্যাসোন প্রযুক্তি।
বিটিসিএল এর দেশব্যাপী বিস্তৃত ট্রান্সমিশন নেওয়ার্ক রিং টাইপ নেটওয়ার্কে রূপান্তরকরণের এই মহাপরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন জানালেন ভৌগলিক এলাকাকে ৮টি ক্লাস্টারে ভাগ করে এই কাজ সম্পাদিত হবে। তিনি বলেন, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ময়মনসিংহ, বগুড়া, রংপুর খুলনা এবং বরিশালে এক টেরা, ৮০০ গিগা এবং ৬০০ গিগা ক্যাপসিটির নেটওয়ার্ক স্থাপন করা হবে এবং প্রত্যেক জেলা ৩০০ গিগাবিট ক্যাপাসিটি দ্বারা সংযুক্ত করা হবে।
প্রকল্প বাস্তবায়নে প্রায় ৩,৫০০ কি.মি. ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার এবং ২৫ কি.মি. (চারটি) সাবমেরিন ক্যাবল স্থাপনের প্রয়োজন হবে বলে জানান বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান।
‘বিটিসিএলের বিদ্যমান অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্কের উন্নয়ন ও রিং টাইপ নেটওয়ার্কে রূপান্তরকরণ’বিষয়ক এই প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এক হাজার দুই শত পয়ষট্টি কোটি টাকা। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) বৈঠকে প্রকল্পটির চুল-চেরা বিশ্লেষণ হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে বিটিসিএল কর্তৃপক্ষ আশা করছে, আগামী মাসেই এ বিষয়ে সবুজ সঙ্কেত পাবেন তারা।