আইপি ফোন চালু করবে বিটিসিএল

১৮ মার্চ, ২০২০ ১৩:৫১  
গ্রাহক সেবায় মনোযোগী হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড-বিটিসিএল। সেই সূত্রধরেই বুধবার (১৮ মার্চ) ফেসবুক লাইভে আসেন বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন। সেবামুখী হওয়ার পদক্ষেপ হিসেবে ১০ মিনিট ৩৫ সেকেন্ড লাইভে ছিলেন তিনি। এসময় ড. রফিকুল মতিন জানান, খুব শিগগিরি গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দেবে বিটিসিএল। সেই ধারাবাহিকতায় অচিরেই চালু করা হবে আইপি ফোন সেবা। এছাড়াও ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে বিটিসিএল এক্সচেঞ্জ অফিসগুলো একই রঙ ও নকশায় সজ্জিত করা হবে। গ্রাহক সেবা কেন্দ্রে সেবার মান নিয়ে অভিযোগ স্বীকার করে নিয়ে ক্ষমা প্রার্থনা করে তিনি আরো বলেন, আপনাদের প্রশ্ন ও পরামর্শ নিয়েই আমরা এগিয়ে যাবো। এই সেশনে রফিকুল মতিন সব মিলে চারশতাধিক প্রশ্নের উত্তর দেন বা গ্রাহক অভিযোগ শোনেন। লাইভে তিনি অনেক আগ্রহী গ্রাহককে দুই-এক দিনের মধ্যেই নতুন টেলিফোন সংযোগ এবং ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। দেশের ১২’শ ১৬টি ইউনিয়নে ফ্রি ওয়াইফাই সেবা চালুর পরিকল্পনার কথাও জানান।