আইডিয়া এবং এসটুএস ভেঞ্চার সমঝোতা চুক্তি সই
দেশের বিভিন্ন অঞ্চলে স্টার্টআপদের উন্নয়নসহ তৃণমূল পর্যায়ে এর সকল কার্যক্রমের পরিসর ত্বরান্বিত করার লক্ষ্যে স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেড ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ’ প্রকল্পের (আইডিয়া) মধ্যে বৃহস্পতিবার একটি সমঝোতা চুক্তি হয়েছে।
ঢাকার আগারগাঁও আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্পের কার্যালয়ে আইডিয়া প্রকল্পের পক্ষে আইডিয়া প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান রূপক চুক্তিতে সই করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আইডিয়া প্রকল্পের পক্ষে আরো উপস্থিত ছিলেন, জেষ্ঠ্য পরামর্শক মোঃ আতাউল ইসলাম, কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক ও প্রধান সোহাগ চন্দ্র দাস এবং ল্যাব অপারেশন ও প্রশিক্ষণ বিষয়ক পরামর্শক আবুল কালাম এহসানুল আজাদ। এছাড়া, এসটুএস ভেঞ্চারস লিমিটেডের পক্ষে ছিলেন প্রোগ্রাম সমন্বয়ক পূজা সেন গুপ্তা এবং নিলয় ঘোষ।
এসময় জানানো হয়, এই সমঝোতা স্মারকের আলোকে স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, মেন্টরিং, কাম্পেইন ও প্রচারণাসহ উদ্যোক্তা সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের কর্মসূচী গ্রহণ করা যা সারা বাংলাদেশের ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের ব্যাপকভাবে উৎসাহিত করবে। এছাড়া, কর্পোরেট নেটওয়ার্কিং, আউটরিচ, পাঠ্যক্রম কাঠামো, ডিজাইন এবং জ্ঞান-ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমে আইডিয়া প্রকল্পকে সহায়তা প্রদান করবে এসটুএস ভেঞ্চারস লিমিটেড। একইসঙ্গে আইডিয়া প্রকল্পের ফ্ল্যাগশীপ আয়োজন বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) এবং স্টার্টআপ কম্পাস ২.০ এর ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন ক্যাম্পেইন পরিচালনায়ও কাজ করবে এসটুএস ভেঞ্চারস লিমিটেড।







