অনলাইনে সুন্দরী প্রতিযোগীতা শুরু

২৬ জুলাই, ২০২০ ১৯:৪৪  
মিস আর্থ একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা, যা ২০ বছর ধরে প্রায় ৯৪ টি দেশে অনুষ্ঠিত হয়ে আসছে। এই প্রতিযোগীতা নারীর বাহ্যিক চাকচিক্যের চেয়ে বুদ্ধি–বিবেকের সৌন্দর্য্যকে প্রাধান্য দিয়ে থাকে। ২০২০ সালে থেকে বাংলাদেশ প্রথমবারের মত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। বাংলাদেশি কনসালটেন্সি প্রতিষ্ঠান ট্রিপল নাইন গ্লোবাল এই প্রতিযোগিতার লাইসেন্সের অধিকারী হয়েছে। ট্রিপল নাইন গ্লোবাল ও অশেষ লি. এর যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ২৫ জুলাই থেকে শুরু হয়েছে, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। মূল প্রতিযোগীতা শুরু হবে ২২ আগস্ট থেকে শেষ হবে ৪ঠা অক্টোবর। মূল আন্তর্জাতিক পর্ব শুরু হবে ২২ অক্টোবর থেকে ফিলিপাইনের ম্যানিলা শহরে। শেষ হবে ডিসেম্বরে। মিস আর্থ বাংলাদেশের প্রথম কোনও আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা যা সম্পূর্ণভাবে অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে সকল নারী অব্যবহৃত প্লাস্টিক, কাপড়, ই-ওয়েস্ট, মেটাল, পেপার ও অর্গানিক ওয়েস্ট দিয়ে আবার নতুন পণ্য তৈরি করতে পারে তারা এই প্রতিযোগীতায় বিশেষভাবে গুরুত্ব পাবেন। প্রায় ১০০০ সৃজনশীল প্রতিযোগীকে নারী উদ্যোক্তা হিসেবে তুলে ধরা হবে। মিস আর্থ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর নায়লা নোমান বারী বলেন, আমরা এ সকল মেয়েদের ডাকছি ‘সুপার গার্ল’ নামে। প্রত্যেকটি পরিবারে একটি করে সুপার গার্ল আছে। যাদের সৌখিনতাই হয়ে উঠতে পারে পরিবারের দুঃসময়য়ের কান্ডারি। আমরা রি-ইউজ ও রি-সাইকেল পণ্য ব্যবহারে জনগণকে সচেতন করে তুলতে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার করতে চাই। পাশাপাশি পরিবেশে দূষণ রোধে এ সকল পণ্যের নতুন ক্রেতা ও বিক্রেতা তৈরিতে অবদান রাখতে চাই।