সফল হওয়ার পথে চীনের চাঁদ মিশন

৫ ডিসেম্বর, ২০২০ ০১:৩২  
আর মাত্র কয়েকটা দিন। চাঁদের নমুনা নিয়ে পৃথিবীর ভূমিতে অবতরণ করবে চীনের মহাকাশযান। আর সেটি সফল হলে চাঁদের নমুনা সংগ্রহকারী তৃতীয় দেশ হবে চীন। ষাটের দশকে যুক্তরাষ্ট্র ও সত্তরের দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চাঁদের নমুনা সংগ্রহ করেছিলো। গত কয়েক বছরে চীনেরও নজর পড়েছে মহাকাশের দিকে। আর তাইতো তারা চ্যাং’ই-৫ নামের মহাকাশযান চাঁদে পাঠায়। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে, গত বৃহস্পতিবার বেইজিংয়ের স্থানীয় সময় রাত ১১ টা ১০ মিনিটে নমুনা নিয়ে চাঁদের বুক থেকে পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করেছে চীনের মহাকাশযানটি। চলতি মাসের মাঝামাঝি এই পৃথিবীর ভূমিতে এসে পৌঁছাবে। চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে এটি অবতরণের কথা রয়েছে। ডিবিটেক/বিএমটি