প্রযুক্তিনির্ভর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে শিল্পোদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ প্রদান উপলক্ষে পাঠানো ভিডিওবার্তায় এ আহ্বান জানান রাষ্ট্র প্রধান।
সরকারের একার পক্ষে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান করা সম্ভব নয় জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে বিশ্বজুড়ে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই দেশে উৎপাদিত শিল্পপণ্য আর্ন্তজাতিক বাণিজ্যের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। তাই পণ্যের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনেও বৈচিত্র্য আনতে হবে। নির্দিষ্ট কোনো পণ্য বা সেবা খাতের ওপর নির্ভরশীল না হয়ে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক গতিধারার সঙ্গে তাল মিলিয়ে শিল্পোৎপাদনে বহুমুখী ধ্যান-ধারনা প্রয়োগ করতে হবে। এমন পরিস্থিতিতে কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ।’
অনুষ্ঠানে ১৯টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে পুরস্কার তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এতে সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।