জিপিও-তথ্য মন্ত্রণালয়ে চলছে টেলিকমের কাজ
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অফিসের কার্যক্রম চলছে জিরো পয়েন্টের জিপিও ভবনে। আগুনে সচিবালয়ের অফিস ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্থায়ী দফতর হিসেবে ডাক ভবন থেকে মন্ত্রনালয়ের কাজ চালানো হচ্ছে। তবে উপদেষ্টা মো নাহিদ ইসলাম সোমবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ে অফিস করছেন।
মন্ত্রণালয়র জনসংযোগ কর্মকর্তা জানিয়ছেন, উপদেষ্টা এবং সচিব সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ে অফিস করছেন।
অপরদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের একান্ত সচিব মোহাম্মদ মোকলেছুর রহমান জানিয়েছেন, তাদের দফতর জেনারেল পোস্ট অফিসে (জিপিও) অবস্থিত মেইলিং অপারেটর অ্যান্ড কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং অথরিটির অফিসে অফিস শুরু করেছে।
সূত্রমতে, প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭নং ভবনে ৬টি মন্ত্রণালয়ের সরঞ্জাম, নথি-পত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হওয়ায় বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত এসব মন্ত্রণালয় অস্থায়ী অফিস স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অস্থায়ী অফিসের কার্যক্রম চলছে আব্দুল গনি রোডের রেলভবনে।
এছাড়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে জাতীয় ক্রিয়া পরিষদ, পুরানো পল্টন বায়তুল মোকাররম গেট। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে বিজয়নগরের শ্রম ভবনে এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অস্থায়ী অফিস চলছে ১১ নং ভবনে অর্থ উপদেষ্টার দপ্তরে।
গত বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫০ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়।
সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় থাকা ৬টি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রয়েছে।







