বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড ২০২৬:
ক্যাম্পাস অ্যাম্বাসেডরে নর্দার্ন ইউনিভার্সিটির সাইফুল; শি স্কোয়াডে চ্যাম্পিয়ন ফারাহ সায়েদ আব্দুল বারী
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অ্যাপ স্টোর ‘বিডিঅ্যাপস’ (bdapps)-এর আয়োজনে উদীয়মান অ্যাপ ডেভেলপার ও তরুণ উদ্ভাবকদের সম্মান জানাতে অনুষ্ঠিত হলো ‘বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৫’। রাজধানীতে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ ডেভেলপারদের জন্য দুই মাসব্যাপী এক বিশেষ বুটক্যাম্পের উদ্বোধন করা হয়।
৯ এপ্রিল, বৃহস্পতিবার জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ডে সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর চ্যাম্পিয়ন’ পুরস্কার জিতেছেন খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম। সক্রিয় ক্যাম্পাস কমিউনিটি গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ডিজিটাল উদ্ভাবনে উৎসাহিত করার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা লাভ করেন।
প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করার জন্য ‘শি স্কোয়াড চ্যাম্পিয়ন’ হয়েছেন ফারাহ সায়েদ আব্দুল বারী। এছাড়া বরিশালের মুহাম্মদ তাওসিফ হোসেন ‘ইমার্জিং ইন্ডিভিজুয়াল ডেভেলপার ২০২৫’ এবং চট্টগ্রামের আবু বকর সিদ্দিকির তৈরি ‘বিয়ে বন্ধু’ অ্যাপটি ‘ইমার্জিং অ্যাপ অব ২০২৫’ হিসেবে পুরস্কৃত হয়েছে।
অনুষ্ঠানে ভবিষ্যৎ মোবাইল অ্যাপ নির্মাতাদের কারিগরি ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে ‘ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুটক্যাম্প (এনএডিবি)’ উদ্বোধন করেন রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং মোহাম্মদ শওকত কাদের চৌধুরী। দুই মাসব্যাপী এই প্রশিক্ষণের পর প্রতিযোগিতার মাধ্যমে বিচারকদের নম্বরের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়।
জানাগেছে, পুরস্কার বিতরণী ছাড়াও অনুষ্ঠানে ‘ইউথ-লেড ইনোভেশন: ড্রাইভিং বাংলাদেশস ডিজিটাল ফিউচার’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ওস্তাদ-এর সিওও সৌরভ বড়ুয়া, রবির পরিচালক মানিক লাল দাস, আইসিটি অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান এবং মিয়াকির সিইও তানিম ইসলাম অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মাদ আলতামিশ নাবিল। এ সময় রবি আজিয়াটা পিএলসির জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক, ম্যানেজার ফাতেমা নাশরাহ এবং সিনিয়র অ্যাসোসিয়েট খান মাহমুদা মালিহাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেআইপি/এমইউআইএম







