যুক্তরাষ্ট্রের প্রধান কার্যালয় স্থানান্তরের আগে স্যামসাংয়ের কর্মী ছাঁটাই শুরু

যুক্তরাষ্ট্রের প্রধান কার্যালয় স্থানান্তরের আগে স্যামসাংয়ের কর্মী ছাঁটাই শুরু
২০ জুলাই, ২০২৬ ১০:২৫  

দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট 'স্যামসাং ইলেকট্রনিক্স' মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ডিসপ্লে, ফোন এবং অন্যান্য কনজিউমার ইলেকট্রনিক্স বিভাগে কর্মী ছাঁটাই শুরু করেছে। মূলত নিউ জার্সি ও টেক্সাসের কার্যালয়গুলোতে এই প্রভাব পড়েছে।

প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের অঙ্গসংস্থা 'স্যামসাং ইলেকট্রনিক্স আমেরিকা' (এসইএ) তাদের প্রধান কার্যালয় নিউ জার্সি থেকে টেক্সাসে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অংশ হিসেবে নিউ জার্সির ইংলউড ক্লিফস কার্যালয়ের প্রায় ৭৩৯টি পদে প্রভাব পড়েছে। যদিও ক্ষতিগ্রস্ত কর্মীদের সংখ্যাগরিষ্ঠ অংশকে নতুন কার্যালয়ে স্থানান্তরিত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, তবে অনেককে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

একই সাথে টেক্সাসের প্লানো কার্যালয়ে মোবাইল বিভাগের অন্তত ১০০ কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন। 

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রবৃদ্ধির ফলে সেমিকন্ডাক্টর বা চিপের দাম আকাশচুম্বী হওয়ায় স্যামসাংয়ের ভোক্তা ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে। একদিকে চিপ বিভাগ রেকর্ড মুনাফা করলেও অ্যাপলসহ চীনা প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর সাথে চরম প্রতিযোগিতায় টিকতে গিয়ে স্যামসাংয়ের মোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স বিভাগ অর্থনৈতিক চাপের মুখে পড়েছে।

মাত্র এক বছর আগেও ঘটা করে নিউ জার্সিতে এসইএ-র নতুন অফিস উদ্বোধন করা হয়েছিল, কিন্তু কর ছাড় ও ব্যবসার অনুকূল পরিবেশ পাওয়ার আশায় তারা টেক্সাসে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। 

আগামী দিনে অ্যাপ্লায়েন্স, হোম এন্টারটেইনমেন্ট ও মোবাইল বিভাগকে একত্রীকরণের মাধ্যমে চিপ উৎপাদনে আরও বেশি মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছে টেক জায়ান্টটি।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: রয়টার্স