সাইবার হুমকি মোকাবিলায় অটোমেশন প্রযুক্তির গুরুত্ব তুলে ধরল সিকিউরিটি ভিশন
আধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা ও অটোমেশন প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেছে সিকিউরিটি ভিশন। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সম্মেলন ‘সাইবার ইনসাইটস ২০২৬’-এ অংশ নিয়ে প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি), ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্বয়ংক্রিয় নিরাপত্তা সমাধান নিয়ে উপস্থাপনা দেন।
অনলাইনভিত্তিক এই সম্মেলনে সাইবার হুমকি শনাক্ত ও মোকাবিলায় অটোমেশন প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরা হয়। ২৪ মে, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সিকিউরিটি ভিশনের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পরিচালক রোমান দুশকভ তার বক্তব্যে বলেন, সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) ও ভালনারেবিলিটি অপারেশন সেন্টার (ভিওসি)-এ ঝুঁকি ও গুরুত্বপূর্ণ সিস্টেমকে অগ্রাধিকার দিলে সাইবার হুমকি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।
তিনি জানান, বিভিন্ন বিভাগ আলাদাভাবে কাজ করায় অনেক প্রতিষ্ঠানে নিরাপত্তা কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দেয়। এতে গুরুত্বপূর্ণ হুমকি চিহ্নিত করাও কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে ব্যবসার গুরুত্বপূর্ণ সিস্টেম ও তথ্যকে গুরুত্ব দিয়ে ঝুঁকি বিশ্লেষণের পদ্ধতি তুলে ধরেন তিনি। পাশাপাশি অটোমেশন প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা টিমের কাজ দ্রুত ও কার্যকর করার বিষয়ও উপস্থাপন করা হয়।
সিকিউরিটি ভিশনের ইন্টারন্যাশনাল সেলস প্রধান ফাতিমা চানকায়েভা তার বক্তব্যে এসওএআর প্রযুক্তির ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন নিরাপত্তা টুল থেকে বিপুল সংখ্যক সতর্কবার্তা আসায় বিশ্লেষকদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি আরও জানান, সিকিউরিটি ভিশনের এসওএআর প্ল্যাটফর্ম বিভিন্ন নিরাপত্তা টুলকে একত্রিত করে নিয়মিত কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে। এতে বিশ্লেষকেরা গুরুত্বপূর্ণ সাইবার হুমকি মোকাবিলায় বেশি মনোযোগ দিতে পারেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে তারা ‘এপিএসি সাইবার ইনসাইটস ২০২৬’ সম্মেলনে অংশ নিয়েছে। এই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান ও সাইবার নিরাপত্তা খাতের অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করাই তাদের লক্ষ্য।
/ডিবিটেক/ আরআই ইকে/



