আইবিএমের এআই ব্যবহার করে ‘সুপারফ্যান’ বানাচ্ছে ফেরারি

আইবিএমের এআই ব্যবহার করে ‘সুপারফ্যান’ বানাচ্ছে ফেরারি
২৪ মে, ২০২৬ ১৬:৫২  

বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং রোমাঞ্চকর খেলা ফর্মুলা ওয়ান (এফ১)। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ‘ড্রাইভ টু সারভাইভ’ ডকু-সিরিজের পর বিশ্বজুড়ে, বিশেষ করে তরুণ ও নারী দর্শকদের মাঝে ফর্মুলা ওয়ানের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। আর এই ক্রমবর্ধমান বৈশ্বিক ফ্যানবেস বা ভক্তদের ধরে রাখতে এবং সাধারণ সমর্থকদের ‘সুপারফ্যান’-এ রূপান্তর করতে এবার মার্কিন প্রযুক্তি জায়ান্ট আইবিএমের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করছে বিখ্যাত রেসিং টিম ‘স্কুডেরিয়া ফেরারি এইচপি’।

রেস ট্র্যাকের কোটি কোটি ডেটাকে এআই-এর মাধ্যমে আকর্ষণীয় কনটেন্টে রূপান্তর করে ভক্তদের জন্য একদম নতুন এক অভিজ্ঞতা উপহার দিতেই এই দুই পরাশক্তি যৌথভাবে কাজ শুরু করেছে।

ট্র্যাকের জটিল ডাটা হবে সহজ গল্প
রেস চলাকালীন প্রতি সেকেন্ডে গাড়ি এবং চালকের প্রতিটি মুভমেন্ট থেকে লাখ লাখ ডাটা পয়েন্ট বা তথ্য সংগ্রহ করা হয়। সাধারণ দর্শকদের কাছে এই জটিল গাণিতিক হিসাব বোঝা বেশ কঠিন। ফেরারি তাদের ফ্যান অ্যাপের ভোল্টবদল করতে সম্প্রতি স্টিফেনো প্যালার্ডকে ‘হেড অব ফ্যান ডেভেলপমেন্ট’ হিসেবে নিয়োগ দিয়েছে।

প্যালার্ড জানান, তাদের মূল চ্যালেঞ্জ হলো—বিশ্বের যেকোনো প্রান্তের ভক্ত যেন মনে করেন ফেরারি তাকে ব্যক্তিগতভাবে চেনে। আর এই কাজটিই সহজ করছে আইবিএম-এর এন্টারপ্রাইজ এআই। এটি ট্র্যাকের জটিল ডাটাকে মুহূর্তের মধ্যে সহজ ও আকর্ষণীয় গল্পে রূপান্তর করে ভক্তদের সামনে হাজির করে।

ফর্মুলা ওয়ানের ১১টি দলের মধ্যে ফেরারি, ম্যাকলারেন ও উইলিয়ামসের মতো হাতেগোনা কয়েকটি দলেরই নিজস্ব ফ্যান অ্যাপ রয়েছে। বাকি দলগুলো সাধারণত ফেসবুক-ইনস্টাগ্রাম বা এফওয়ানের অফিশিয়াল প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে।

ইতালীয় ভাষা ও এআই কম্প্যানিয়ন
চমকপ্রদ বিষয় হলো, ফেরারি একটি ইতালীয় কোম্পানি হওয়া সত্ত্বেও এবং তাদের বিশাল এক অনুরাগী গোষ্ঠী ইতালির নাগরিক (যাদের টিফোসি বলা হয়) হওয়া সত্ত্বেও, এতদিন তাদের অফিশিয়াল অ্যাপে ইতালীয় ভাষা ব্যবহারের সুযোগ ছিল না! আইবিএম-এর সাথে যুক্ত হওয়ার পর অ্যাপটিতে প্রথমবার ইতালীয় ভাষা যুক্ত করা হয়েছে।

আইবিএম-এর স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ক্যামেরন স্ট্যানহাউস জানান, আগের অ্যাপটিতে মানুষ শুধু রেসের ফলাফল দেখে চলে যেত। তবে নতুন এআই-চালিত অ্যাপটিতে যুক্ত করা হয়েছে—

    এআই-এর লেখা রেসের তাৎক্ষণিক সারসংক্ষেপ।
    রেসারদের পর্দার পেছনের নানা গল্প ও প্রিডিকশন গেম।
    ভক্তদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে একটি সার্বক্ষণিক ‘এআই কম্প্যানিয়ন’ বা চ্যাটবট।

এই নতুন ফিচারের কল্যাণে রেস উইকেন্ডগুলোতে (যেসব দিন রেস অনুষ্ঠিত হয়) ভক্তদের অ্যাপ ব্যবহারের হার বা এনগেজমেন্ট প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

লক্ষ্য যখন নতুন প্রজন্মের ‘জেন জি’ ও নারী ভক্তরা
ফর্মুলা ওয়ানের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এই খেলার নতুন দর্শকদের প্রায় ৭৫ শতাংশই নারী এবং তাদের একটি বড় অংশ ‘জেন জি’ বা নতুন প্রজন্মের প্রতিনিধি। বিশেষ করে নারীদের জন্য আয়োজিত রেসিং সিরিজ ‘এফওয়ান একাডেমি’ এই জোয়ারে বড় ভূমিকা রাখছে। এই নতুন প্রজন্মের ভক্তরা রেসিংয়ের ইনসাইড স্টোরি এবং ডেটা সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী।

ফেরারির লক্ষ্য, আইবিএম-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আগামী ৫ বছরের মধ্যে এমন একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা, যেখানে ৩০ বছরের পুরোনো সমর্থক কিংবা ৩০ দিন আগে যুক্ত হওয়া নতুন ভক্ত—প্রত্যেকেই যেন মনে করেন এই রেসিং অভিজ্ঞতাটি কেবল তার নিজের জন্যই তৈরি করা হয়েছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ