রেডিটের আদলে মেটার নতুন অ্যাপ ‘ফোরাম’: থাকবে এআই অ্যাসিস্ট্যান্ট
সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অ্যাপল অ্যাপ স্টোরে ‘ফোরাম’ নামের সম্পূর্ণ নতুন একটি সামাজিক যোগাযোগ অ্যাপ উন্মোচন করেছে। বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও মতামত আদান-প্রদানের এই প্ল্যাটফর্মটিকে জনপ্রিয় মার্কিন আলোচনাভিত্তিক ওয়েবসাইট রেডিট-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
বিখ্যাত সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা প্রথম অ্যাপ স্টোরে মেটার এই নতুন অ্যাপটির উপস্থিতি লক্ষ্য করেন। মেটা এই অ্যাপটিকে ফেসবুক গ্রুপের একটি ডেডিকেটেড বা বিশেষায়িত সংস্করণ হিসেবে বর্ণনা করেছে, যেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দের বিষয় নিয়ে আরও গভীর ও বিস্তারিত আলোচনা করতে পারবেন।
লগইন করতে লাগবে ফেসবুক অ্যাকাউন্ট, থাকবে ছদ্মনাম ব্যবহারের সুযোগ
অ্যাপ স্টোরের বিবরণী অনুযায়ী, নতুন এই ‘ফোরাম’ অ্যাপে প্রবেশ করতে ব্যবহারকারীদের একটি সক্রিয় ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করামাত্রই তার বর্তমান ফেসবুক গ্রুপ, প্রোফাইলের তথ্য এবং পূর্বের অ্যাক্টিভিটি স্বয়ংক্রিয়ভাবে ফোরাম অ্যাপে চলে আসবে।
তবে রেডিটের মতো এই অ্যাপটিতেও ব্যবহারকারীরা নিজেদের আসল নাম লুকিয়ে যেকোনো ছদ্মনাম বা ‘নিকনেম’ ব্যবহার করে পোস্ট ও আলোচনা করতে পারবেন। ব্যবহারকারীরা ফোরাম অ্যাপে যা কিছু শেয়ার করবেন, তা স্বয়ংক্রিয়ভাবে তাদের মূল ফেসবুক গ্রুপেও দেখা যাবে।
এআই অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ও ‘আস্ক’ ফিচার
ফেসবুক গ্রুপের অ্যাডমিন বা পরিচালকদের জন্য মেটা এই অ্যাপে যুক্ত করেছে একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। এই এআই অ্যাসিস্ট্যান্ট গ্রুপ পরিচালনা করা, ক্ষতিকর বা আপত্তিকর কনটেন্ট মডারেট করা এবং গ্রুপের সুস্থ পরিবেশ বজায় রাখতে অ্যাডমিনদের সাহায্য করবে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য অ্যাপটিতে একটি বিশেষ ‘আস্ক’ বা জিজ্ঞাসা বাটন ও এআই ট্যাব রাখা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো বিষয়ে প্রশ্ন করলে অ্যাপের ভেতরে থাকা বিভিন্ন গ্রুপ থেকে প্রয়োজনীয় উত্তর ও পরামর্শ এআই-এর মাধ্যমে মুহূর্তের মধ্যে খুঁজে এক জায়গায় এনে দেখাবে।
কারা পাচ্ছেন এই সুবিধা?
মেটার নতুন এই ‘ফোরাম’ অ্যাপটি ব্যবহারের জন্য আইফোনে অন্তত আইওএস ১৮.০ বা তার পরবর্তী সংস্করণ থাকতে হবে এবং ব্যবহারকারীর বয়স সর্বনিম্ন ১৩ বছর হতে হবে।
অ্যাপটি বর্তমানে বিশ্বজুড়ে সীমিত কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে (যেমন—ভারত ও বাংলাদেশ) এখনই অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোডের সুযোগ মিলছে না। তবে খুব শিগগিরই মেটা এটি বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: গ্যাজেটস৩৬০



