যবিপ্রবিতে আন্তঃহল বাস্কেটবল প্রতিযোগিতা শুরু

যবিপ্রবিতে আন্তঃহল বাস্কেটবল প্রতিযোগিতা শুরু
৬ এপ্রিল, ২০২৬ ১৫:৪৯  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃহল বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৬। এই প্রতিযোগিতার আয়োজন করেছে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

৬ এপ্রিল, সোমবার বিকেল সাড়ে ৩ টায় যবিপ্রবির বাস্কেটবল কোর্টে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আড়ম্বরপূর্ণ ও জমকালো এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের তিনটি হল- শহীদ মসিয়ূর রহমান হল, মুন্সী মেহেরুল্লাহ হল ও কবি গোলাম মোস্তফা হলের  শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আগামীকাল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, যবিপ্রবি বাংলাদেশের একমাত্র স্বমানধন্য বিশ্ববিদ্যালয় যা গবেষণা ও ক্রীড়ায় সমান পারদর্শী। যবিপ্রবি গবেষণায় যেমন ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে আশা করি ক্রীড়াতেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আন্তঃহল বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৬ এর পরিচালনা কমিটির আহবায়ক ড. মো. হামিদুর রহমান, শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ, ফিজিক্যাল ইন্সট্র্যাক্টর মোঃ শাহিনূর রহমান, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রায়হান রাকিব।

ডিবিটেক/এমএনএইচ/ইকে