প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করেছে সেলসফোর্স

প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করেছে সেলসফোর্স
১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০০  

ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স চলতি মাসের শুরুতে এক হাজারের কম কর্মী ছাঁটাই করেছে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত একজন সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই হওয়া পদগুলোর মধ্যে বিপণন, পণ্য ব্যবস্থাপনা, তথ্য বিশ্লেষণ এবং এজেন্টফোর্স এআই পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট ভূমিকা রয়েছে। লিংকডইনে প্রকাশিত পোস্ট এবং দুই কর্মীর সঙ্গে কথোপকথনের ভিত্তিতে এই তথ্য জানানো হয়। 

তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি এবং এ বিষয়ে সেলসফোর্সের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় পরিসরে কর্মী ছাঁটাই দেখা যাচ্ছে, যার পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির দ্রুত গ্রহণ একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে। 

এর আগে সেলসফোর্সের প্রধান নির্বাহী মার্ক বেনিওফ জানিয়েছিলেন, এআই ব্যবহারের কারণে গ্রাহক সহায়তা বিভাগে উল্লেখযোগ্যসংখ্যক পদ কমানো হয়েছে।

ডিবিটেক/বিএমটি