গুগল সার্চে একীভূত হচ্ছে এআই ওভারভিউস ও এআই মোড

গুগল সার্চে একীভূত হচ্ছে এআই ওভারভিউস ও এআই মোড
৩ ডিসেম্বর, ২০২৫ ১৬:০২  

ওপেনএআই-কে টেক্কা দিতে প্রতিযোগিতা তীব্র হওয়ার মাঝে, গুগল ঘোষণা দিয়েছে যে তারা এখন সার্চে এআই ওভারভিউস–এর সঙ্গে এআই মোড একীভূত করার পরীক্ষা চালাচ্ছে। এর ফলে সার্চ রেজাল্টের উপরে সাধারণত যে এআই–নির্ভর তথ্যসংক্ষেপ (এআই  ওভারভিউ) দেখা যায়, সেখান থেকেই ব্যবহারকারী চাইলে কথোপকথনভিত্তিক এআই মোড–এ গিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান চালাতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।

গুগলের এই কথোপকথনভিত্তিক ফিচারটির নাম এআই মোড। এটি ২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্রে এবং আগস্টে বৈশ্বিকভাবে চালু হয়। জেমিনি–চালিত এই মোডে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির মতো করে গুগলের সঙ্গে প্রশ্ন–উত্তরের ধারাবাহিক আলাপ চালাতে পারেন।

এর আগে ব্যবহারকারীরা আলাপ চালানোর জন্য আলাদা করে এআই মোড ট্যাবে যেতে হতো। ফলে কোন বিষয়টি শুধুই সার্চ দিয়ে হবে, আর কোনটিতে গভীর অনুসন্ধানের দরকার—এ সিদ্ধান্ত ব্যবহারকারীকে আগেই ভাবতে হতো।

গুগল এখন দেখতে চায়, আদৌ কি এই দুই অভিজ্ঞতাকে আলাদা রাখা প্রয়োজন। কারণ সাধারণ সার্চ করতেই অনেক সময় ব্যবহারকারী আরও গভীরে প্রবেশ করতে চান। তাই নতুন পরীক্ষায় ব্যবহারকারীরা সার্চ ফলাফল থেকেই এআই মোড–এ ‘সিমলেস’ভাবে চলে যেতে পারবেন। আপাতত এটি শুধু মোবাইল ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে।

এদিকে প্রতিদ্বন্দ্বী ওপেনএআই চ্যাটবক্স অভিজ্ঞতা উন্নত করতে তাদের অন্যান্য পণ্য বিলম্বিত করছে। গুগলের মতে, জেমিনির ন্যানো ব্যানানা ইমেজ মডেলসহ নানা উন্নতির কারণে জেমিনির মাসিক ব্যবহারকারী এখন ৬৫ কোটির বেশি। আর এআই ওভারভিউস-এর মাসিক ব্যবহারকারী ২০০ কোটির মতো। উভয় অভিজ্ঞতাকে একত্র করলে জেমিনি আরও দ্রুত ব্যবহারকারীর কাছে জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে।

গুগল সার্চের প্রোডাক্ট–ভিপি রবি স্টেইন এক্স–এ লিখেছেন, “আপনার কোথায় বা কীভাবে প্রশ্ন করতে হবে—এটা ভাবার দরকার নেই।” তিনি জানান, ব্যবহারকারীরা আগের মতোই এআই Overview পাবেন, তবে একই স্ক্রিন থেকেই কথোপকথনভিত্তিক ফলো–আপ প্রশ্ন করতে পারবেন।

স্টেইন আরও বলেন, “এটি আমাদের সার্চ–ভিশনের আরও কাছাকাছি—আপনি যাই মনে করেন, যত জটিলই হোক, সরাসরি জিজ্ঞেস করুন এবং প্রয়োজনীয় উত্তর খুঁজে পান।”

ডিবিটেক/বিএমটি