পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে স্টারলিংক সংযোগ দিতে বিএসসিএল চুক্তি
পার্বত্য তিন জেলার পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, বান্দরবন পার্বত্য জেলা পরিষদ এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মধ্যে তিনটি পৃথক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
এই চুক্তির মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ই-লার্নিং সিস্টেম চালু করা হবে।
এর ফলে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট এবং ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে এবং ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও মূলধারার শিক্ষায় যুক্ত হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান।
বিএসসিএল জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ২৭ নভেম্বর বান্দরবন পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আগে পৃথক আরেকটি অনুষ্ঠানে বুধবার (১২ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আগের দিন মঙ্গলবার (১১ নভেম্বর) খাগড়াছড়ি সার্কিট হাউজে অনুষ্ঠিত অনুরূপ চুক্তিতে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা স্বাক্ষর করেন।
চুক্তি হওয়ার পরে বিভিন্ন স্কুলে বসছে স্টারলিংক সংযোগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসসিএল-এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীন, জেলা পরিষদ কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন,“এই চুক্তির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসার ঘটিয়ে সরকার দক্ষ জনগোষ্ঠী গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
ডিবিটেক/ইউএইচ/ওআর



