প্রাপ্তবয়স্কদের উপযোগী কনটেন্ট উন্মুক্ত করবে ওপেনএআই

প্রাপ্তবয়স্কদের উপযোগী কনটেন্ট উন্মুক্ত করবে ওপেনএআই
১৫ অক্টোবর, ২০২৫ ১৫:১৪  

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী ডিসেম্বরে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য ইরোটিকা ও ম্যাচিউর কনটেন্ট ব্যবহারের সুযোগ দেবে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন। খবর এনগ্যাজেট।

তিনি জানান, ওপেনএআই সেপ্টেম্বর মাসে প্যারেন্টাল কন্ট্রোল ও স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ ব্যবস্থা চালু করেছে। এর পরবর্তী ধাপে এখন প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পৃথক করে প্রাপ্তবয়স্কদের জন্য কিছু অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হচ্ছে। অল্টম্যান বলেন, “ডিসেম্বরে আমরা ‘প্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্কের মতো আচরণ’ নীতির অংশ হিসেবে যাচাইকৃত ব্যবহারকারীদের ইরোটিকা কনটেন্টে প্রবেশাধিকার দেব।”

ওপেনএআইয়ের সাম্প্রতিক ডেভডে ২০২৫ ইভেন্টেও জানানো হয়েছিল, ১৮ বছরের বেশি বয়সীদের জন্য ম্যাচিউর অ্যাপ্লিকেশন ও অভিজ্ঞতা চালু করা হবে, যেখানে উপযুক্ত বয়স যাচাই ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হবে।

তবে এই পরিবর্তনের মধ্যেই চ্যাটজিপিটি ব্যবহারের মানসিক প্রভাব নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বিশেষত ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যায় চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে বিতর্কের পর, ওপেনএআই জিপিটি-৫ মডেলে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করে।

ডিবিটেক/বিএমটি