ফলো-আপঃ 

বুয়েট প্রতিনিধিদলের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত

বুয়েট প্রতিনিধিদলের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত
১৫ অক্টোবর, ২০২৫ ০১:৪১  

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার বুয়েটের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, বুয়েটের দল এসে দেখবে কী ধরনের কেমিক্যাল সেখানে ছিল। তাদের পর্যবেক্ষণের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

১৪ অক্টোবর, মঙ্গলবার মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

সেসময় ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, এখনো ধোঁয়া বের হচ্ছে। গোডাউনে বিভিন্ন প্রকারের কেমিক্যাল রয়েছে। কেমিক্যালের আগুন সাধারণ আগুনের চেয়ে ভিন্ন—তাড়াহুড়ো করে নিয়ন্ত্রণে আনতে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

আগুন নেভানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তবে আগুন আবারও জ্বলে উঠতে পারে। আমরা সতর্ক আছি। আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও এখানে সবাইকে সতর্ক থাকতে হবে।’

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি অনেক অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুনে তিনজন ফায়ারফাইটার শহীদ হয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না।’ 

কোনো এলাকায় অনুমোদনহীন গোডাউন গড়ে উঠলে সেটির বিষয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। সচেতনতার কথা উল্লেখ করে তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে যেন সবাই কেমিক্যাল গোডাউন স্থাপন করেন।