ইন্ডিড ও গ্লাসডোরে ১,৩০০ কর্মী ছাঁটাই
জাপানি প্রতিষ্ঠান রিক্রুট হোল্ডিংস, যারা ইন্ডিড এবং গ্লাসডোরের মূল কোম্পানি, কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে মনোযোগ বাড়ানোর কারণে এই দুই চাকরি খোঁজার সাইটে প্রায় ১,৩০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এই সংখ্যা মানব সম্পদ প্রযুক্তি বিভাগের প্রায় ৬% কর্মী। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ছাঁটাই মূলত যুক্তরাষ্ট্রে এবং গবেষণা ও উন্নয়ন, গ্রোথ, এবং পিপল অ্যান্ড সাসটেইনেবিলিটি টিমে হলেও, বিভিন্ন বিভাগ ও দেশে এই প্রক্রিয়া চলবে।
রিক্রুটের প্রধান নির্বাহী হিসায়ুকি "ডেকো" ইডেকোবা বলেছেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে পরিবর্তন করছে এবং আমাদের পণ্য যেন চাকরি প্রার্থী ও নিয়োগকর্তাদের জন্য আরও ভালো অভিজ্ঞতা দিতে পারে, সে জন্য আমাদের মানিয়ে নিতে হবে।"
একইসঙ্গে গ্লাসডোরের কার্যক্রম ইন্ডিডের সঙ্গে একীভূত করা হবে। এর ফলে গ্লাসডোরের প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান সাদারল্যান্ড-ওং ১ অক্টোবর থেকে পদত্যাগ করবেন। ইন্ডিডের চিফ পিপল অ্যান্ড সাসটেইনেবিলিটি অফিসার লাফন ডেভিস ১ সেপ্টেম্বর থেকে সরে দাঁড়াবেন এবং তার স্থলাভিষিক্ত হবেন রিক্রুটের চিফ অপারেটিং অফিসার আয়ানো সেনাহা।
বর্তমানে রিক্রুটের মানব সম্পদ প্রযুক্তি ইউনিটে প্রায় ২০,০০০ কর্মী রয়েছে। এর আগে ২০২৪ সালে ইন্ডিড ১,০০০ এবং ২০২৩ সালে প্রায় ২,২০০ কর্মী ছাঁটাই করেছিল।
ডিবিটেক/বিএমটি







