স্বচালিত পার্কিংয়ে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দেবে বিওয়াইডি

স্বচালিত পার্কিংয়ে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দেবে বিওয়াইডি
১৪ জুলাই, ২০২৫ ১০:৪০  
১৩ জুলাই, ২০২৫ ২১:৪০  

চীনা ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি ঘোষণা করেছে, তাদের স্বয়ংক্রিয় পার্কিং সিস্টেমের মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটলে কোম্পানি সম্পূর্ণ দায়িত্ব নেবে এবং ক্ষতিপূরণ দেবে। ফাস্ট কোম্পানির প্রতিবেদন অনুযায়ী, বিওয়াইডির এই সিস্টেমকে বলা হচ্ছে ‘গডস আই’ এবং এটি লেভেল ৪ স্বয়ংক্রিয়তা অর্জন করেছে। খবর দ্য ভার্জ।

মার্সিডিজ-বেঞ্জের পর বিওয়াইডি-ই প্রথম কোম্পানি, যারা লেভেল ৪ পার্কিং সিস্টেম চালু করেছে। তবে মার্সিডিজের প্রযুক্তি এখনো সীমিত অবস্থায় ব্যবহার করা যাচ্ছে, শুধু স্টুটগার্ট বিমানবন্দরের পার্কিং গ্যারেজে। অন্যদিকে, টেসলার অটোপাইলট ও ফুল সেলফ-ড্রাইভিং সিস্টেম এখনো লেভেল ২ পর্যায়ে রয়েছে, যেখানে চালককে সবসময় নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত থাকতে হয়।

বিওয়াইডি জানিয়েছে, গ্রাহকরা স্ব-পার্কিং ফিচার ব্যবহার করে দুর্ঘটনার শিকার হলে কোনো বীমার প্রয়োজন হবে না এবং সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিওয়াইডির মতে, এটি তাদের প্রযুক্তির প্রতি আস্থা ও গ্রাহকের নিরাপত্তা রক্ষার দায়বদ্ধতার প্রকাশ।

গডস আই সিস্টেমের বাইরে, এই প্রযুক্তির লেভেল ২ সংস্করণও রয়েছে, যেখানে সর্বোচ্চ ‘গডস আই এ’ মডেলে তিনটি লাইডার সেন্সর যুক্ত থাকে এবং এটি বিলাসবহুল গাড়ির জন্য সংরক্ষিত।

ডিবিটেক/বিএমটি