কিশোর উদ্যোক্তাদের ডিজিটাল রূপান্তর ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারে বিশেষ গুরুত্বারোপ
প্রযুক্তি উদ্ভাবনে তরুণরা: সেরা ১৩ উদ্যোক্তা পুরস্কৃত
- ১০ থেকে ১৯ বছর বয়সীদের জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জে ১৩টি উদ্ভাবনী প্রযুক্তি উদ্যোগ নির্বাচিত
- এআই বিপ্লবের যুগে শিশু-কিশোরদের জন্য ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জোর আহ্বান
- টুইম্বল, ইয়ুথ হাব মালয়েশিয়া ও সহযোগীদের যৌথ উদ্যোগে রাজধানীতে সামিট অনুষ্ঠিত
নিরাপদ ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার এবং কিশোর উদ্যোক্তা তৈরির প্রত্যয় নিয়ে রাজধানীর ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হলেঅ 'টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ২০২৬' এবং দেশের প্রথম 'জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ–সিজন ১'-এর গালা ডে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টুইম্বল, ইয়ুথ হাব ফাউন্ডেশন মালয়েশিয়া, ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশন এবং টিন্স সেভার বাংলাদেশ যৌথভাবে এ ইভেন্টের আয়োজন করে।
আয়োজক সূত্রে প্রকাশ, ১০ থেকে ১৯ বছর বয়সী তরুণদের উদ্ভাবনী ধারণাগুলোকে বাস্তব উদ্যোগে রূপান্তর করতে মে থেকে জুলাই পর্যন্ত ধাপে ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে ক্যাটাগরিভিত্তিক সেরা ১৩টি প্রযুক্তি উদ্যোগকে পুরস্কৃত করা হয়।
৩ সেপ্টেম্বর,শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের 'ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট' প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি বক্তব্যে মেন্টরিং, বিনিয়োগকারী সংযোগ ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই পিএলসির অদম্য মেধাবী প্রোগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম; ইসিএস–এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটির নির্বাহী পরিচালক কাজী নাসরিন সিদ্দিকা; এসবিএলের ইমপ্যাক্ট অ্যান্ড ইকোসিস্টেম বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. দেওয়ান আদনান এবং ড্যাফোডিল গ্রুপের স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেমের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন।
সামিটে প্রধান বক্তা ছিলেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন টেসল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুহাম্মদ ইয়াসির এবং ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউটের প্রভাষক ইসরাক মুজবিন পৃথিল।
প্যানেল আলোচনায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের পাশাপাশি শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে কথা বলেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন, ইসিএস বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী নাসরিন সিদ্দিকা, স্পেস ইনোভেশন ক্যাম্পের সভাপতি ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের উপদেষ্টা আরিফুল হাসান অপু এবং এসিআইর মোহাম্মদ শাহ আলম।
প্রতিযোগিতার মেন্টর প্যানেলে ছিলেন ইউনিভার্সিটি ইনোভেশন হাবের লিড মেন্টর আবদুর রশিদ সোহাগ, কনফিডেন্স গ্রুপের এইচআর প্রধান হুমায়ুন রশিদ, গ্রিনটেক সোলারের ব্যবস্থাপনা পরিচালক সাজিব আশরাফুল ইসলাম এবং টেক্সোর্টের প্রধান নির্বাহী এস এম বেলাল উদ্দিন। মেন্টর প্যানেল সঞ্চালনা করেন রুদ্র চৌধুরী তুর্জ। জুরি প্যানেলে ছিলেন ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের মো. আলতামিস নাবিল, ফারহানাস ব্রেইনস্টেশনের ফারহানা খান, হ্যাপি ভেঞ্চারের আবদুল্লাহ হাসান এবং এসটিএসের আরেফিন মিজান। পুরো আয়োজন পরিচালনায় ছিলেন টুইম্বলের শামীম আশরাফ, রুদ্র চৌধুরী তুর্জ এবং তাশদীদ হোসাইন চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিডলোন ও এমডি গ্লোবাল রিসোর্সের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন তরুণদের প্রযুক্তি গ্রহীতার বদলে দায়িত্বশীল প্রযুক্তি প্রকৌশলী হিসেবে তৈরি করবে।
//ডিবিটেক/পিএসপি/এসএমই/এমআইএস//





