আনপ্যাকড ইভেন্টের আগেই নিজস্ব ক্রেডিট কার্ড আনলো স্যামসাং

আনপ্যাকড ইভেন্টের আগেই নিজস্ব ক্রেডিট কার্ড আনলো স্যামসাং
২১ জুলাই, ২০২৬ ০৯:৫৭  

আগামীকাল (২২ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিষ্ঠানের বড় প্রযুক্তি আয়োজন 'আনপ্যাকড'-এর ঠিক আগেই নিজস্ব ক্রেডিট কার্ড উন্মোচন করেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। 'স্যামসাং গ্যালাক্সি কার্ড' নামের এই ক্রেডিট কার্ডটি মূলত গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে, যা দিয়ে স্যামসাংয়ের পণ্য কিনলে বিশেষ ক্যাশ ব্যাক বা নগদ ছাড়ের সুবিধা পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের বার্কলেস ব্যাংক ও ভিসা নেটওয়ার্কের সহায়তায় চালু হওয়া এই কার্ডটি সরাসরি স্যামসাং থেকে ক্রয়ে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক সুবিধা দেবে। এর ফলে ১,৫০০ মার্কিন ডলার মূল্যের কোনো স্যামসাং ফোন বা ডিভাইস কিনলে গ্রাহক সরাসরি ৭৫ ডলার পর্যন্ত ফেরত পাবেন।

এছাড়া গ্রাহকরা অ্যাকাউন্ট খোলার প্রথম ৯০ দিনের মধ্যে ২,০০০ ডলার কেনাকাটা করলে ২০০ ডলার বোনাস ক্যাশ ব্যাক পাবেন। অন্যান্য সুবিধার মধ্যে 'স্যামসাং ওয়ালেট' ব্যবহারের মাধ্যমে লেনদেনে ৩ শতাংশ, বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং সার্ভিসের ফি পরিশোধে ২ শতাংশ এবং সাধারণ অন্যান্য সব কেনাকাটায় ১ শতাংশ ক্যাশ ব্যাক পাওয়া যাবে। সেই সাথে স্যামসাংয়ের 'ভিআইপি অ্যাডভান্টেজ' মেম্বারশিপে ২০ শতাংশ বিশেষ ছাড় মিলবে।

গ্রাহকরা ২২ জুলাই থেকে অনলাইনে অথবা যুক্তরাষ্ট্রের স্যামসাংয়ের যেকোনো খুচরা বিক্রয়কেন্দ্রে গিয়ে এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আগামী আনপ্যাকড আয়োজনে নতুন ফোল্ডেবল ডিভাইসসহ একাধিক নতুন প্রযুক্তিপণ্য আনছে স্যামসাং, যা কিনতে এই ক্যাশ ব্যাক সুবিধা ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, প্রযুক্তি জগতের অন্যান্য বড় প্রতিষ্ঠান যেমন অ্যাপল বা অ্যামাজনেরও নিজস্ব ব্র্যান্ডের ক্রেডিট কার্ড পরিষেবা রয়েছে। সেই প্রতিযোগিতায় নিজেদের ইকোসিস্টেমকে আরও মজবুত করতেই বাজার চলতি অ্যাপল কার্ডকে টেক্কা দিতে নতুন এই গ্যালাক্সি কার্ড নিয়ে এসেছে স্যামসাং।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট