ফ্রান্সে কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল অনুমোদন
ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার একটি খসড়া বিলে একমত হয়েছে দেশটির পার্লামেন্টের সমঝোতা কমিটি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এই আইনটি কার্যকর করতে চান। এর আগে গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য মেটা প্ল্যাটফর্মসের ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইউটিউবের মতো মাধ্যমগুলোতে অ্যাকাউন্ট পরিচালনা নিষিদ্ধ করেছিল। সেই একই পথ অনুসরণ করে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে ফ্রান্সও।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের সমর্থনে প্রচারণা চালিয়ে আসছেন। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েনও সম্প্রতি ইইউভুক্ত ২৭টি দেশে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার সীমিত ব্যবহারের পক্ষে সমর্থন প্রকাশ করেছেন।
কমিটিতে চূড়ান্ত হওয়া সমন্বিত বিলটির খসড়া নিয়ে মঙ্গলবার ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ এবং পরবর্তীতে উচ্চকক্ষ সেনেটে আলোচনা ও ভোটাভুটি হবে।
আইনটি পাস হলে ফরাসি তথ্যপ্রযুক্তি মন্ত্রী ১৫ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি তালিকা তৈরি করবেন। একই সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করার জন্য নির্দিষ্ট ব্যবস্থা চালু করতে হবে, যা ফ্রান্সের ডেটা সুরক্ষা ও প্রাইভেসিসংক্রান্ত নিয়ামক সংস্থা অনুমোদন দেবে।
উল্লেখ্য, উত্থাপিত এই নতুন বিলটিতে কেবল সোশ্যাল মিডিয়া বন্ধই নয়, বরং দেশটির উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





