বিশ্বব্যাপী অ্যাপ স্টোরে ফিরছে ‘ফোর্টনাইট’
বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো জনপ্রিয় গেম ‘ফোর্টনাইট’। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বিশ্বব্যাপী অ্যাপলের অ্যাপ স্টোরে ফিরছে এই ব্যাটল রয়্যাল গেমটি। তবে বিশ্বজুড়ে গেমটি উন্মুক্ত হলেও কেবল অস্ট্রেলিয়ার আইফোন ব্যবহারকারীরা এখনই এটি খেলার সুযোগ পাচ্ছেন না।
অ্যাপলের সঙ্গে এর নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসের দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি লড়াইয়ের জেরে ২০২০ সালে অ্যাপ স্টোর থেকে নিষিদ্ধ হয়েছিল ফোর্টনাইট। গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে গেমটি ফিরে আসার পর, এবার বিশ্বব্যাপী আইওএস ডিভাইসে এটি ডাউনলোডের সুযোগ তৈরি হলো।
গুগলের পর এবার অ্যাপলের ফি নিয়ে লড়াই
এপিক গেমসের বিশ্বাস, মার্কিন ফেডারেল আদালত শেষ পর্যন্ত অ্যাপলকে তাদের অ্যাপ স্টোর ফি-এর পেছনে প্রকৃত পরিচালন ব্যয় কত, তা প্রকাশ করতে বাধ্য করবে। এপিক মনে করে, অ্যাপল যদি একবার তাদের আসল খরচের হিসাব দেখাতে বাধ্য হয়, তবে বিশ্বের কোনো দেশের সরকারই অ্যাপলের এই অতিরিক্ত ‘অযৌক্তিক ফি’ আর মেনে নেবে না।
তবে ফোর্টনাইটের এই প্রত্যাবর্তন কেবল আইনি জয় নয়, গেমটির নিজের অস্তিত্বের জন্যও অত্যন্ত জরুরি ছিল। গত মার্চ মাসেই এপিক গেমস তাদের মোট কর্মীবাহিনীর প্রায় এক-চতুর্থাংশ ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এর পাশাপাশি গেমটির বেশ কয়েকটি জনপ্রিয় মোড (যেমন—ফোর্টনাইট ব্যালিস্টিক, ফেস্টিভ্যাল ব্যাটল স্টেজ) বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী অক্টোবর থেকে ‘রকেট রেসিং’ মোডটিও বন্ধ হয়ে যাবে।
বিশ্বব্যাপী গেমটির খেলোয়াড় সংখ্যা কমে যাওয়ার পেছনে মোবাইল প্ল্যাটফর্ম থেকে দূরে থাকাকেই অন্যতম কারণ হিসেবে দেখছেন এপিক গেমসের প্রধান নির্বাহী (সিইও) টিম সুইনি। তিনি বলেন, “মোবাইল প্ল্যাটফর্মে ফোর্টনাইটের ফেরার প্রক্রিয়াটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশ্বের কোটি কোটি স্মার্টফোন ব্যবহারকারীর জন্য গেমটিকে আমরা আরও উন্নত করছি।”
কেন বাদ পড়ল অস্ট্রেলিয়া?
অস্ট্রেলিয়ার বাজারে গেমটি এখনই না ফেরার কারণ হিসেবে এপিক গেমস জানিয়েছে, সেখানে অ্যাপল এখনো এমন কিছু শর্তাবলি কার্যকর রাখছে যা তাদের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ।
এপিক এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ার আদালত অ্যাপলের বেশ কিছু ডেভলপার শর্তাবলীকে বেআইনি ঘোষণা করার পরও অ্যাপল সেগুলো জোরপূর্বক খাটিয়ে যাচ্ছে। এই বেআইনি কার্যক্রম বন্ধ করতে এবং সাধারণ অ্যাপ ডেভলপার ও আইওএস ব্যবহারকারীদের স্বার্থ রক্ষায় এপিক গেমস এখন অস্ট্রেলিয়ার আদালতের কাছে পুনরায় জরুরি আদেশ জারির আবেদন জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট



