ক্রিয়েটর স্টুডিও শক্তিশালী করতে মোশনভিএফএক্স কিনল অ্যাপল

ক্রিয়েটর স্টুডিও শক্তিশালী করতে মোশনভিএফএক্স কিনল অ্যাপল
১৭ মার্চ, ২০২৬ ১৭:২০  

আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপল তাদের ভিডিও সম্পাদনা সফটওয়্যার ফাইনাল কাট প্রো-র জন্য প্লাগইন, টেমপ্লেট ও অন্যান্য টুল ডেভেলপমেন্টের পোলিশ কোম্পানি ‘মোশনভিএফএক্স’ অধিগ্রহণ করেছে। সোমবার (১৬ মার্চ) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তবে চুক্তির আর্থিক শর্তাবলি প্রকাশ করেনি অ্যাপল। খবর টেকক্রাঞ্চ।

২০০৯ সালে প্রতিষ্ঠিত ওয়ারশ-ভিত্তিক এই কোম্পানিটি মূলত অ্যাপলের ফাইনাল কাট প্রো, মোশন ও কম্প্রেসারের জন্য পেশাদার মানের প্লাগইন, ট্রানজিশন ইফেক্ট এবং থ্রিডি মডেলিং টুল তৈরি করে থাকে। তাদের তৈরি এমফিল্মলুক, এমওটু, ডিজাইন স্টুডিওর মতো জনপ্রিয় টুল বিশ্বব্যাপী ভিডিও এডিটর ও ইউটিউবারদের কাছে বহুল ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানটির গ্রাহক তালিকায় রয়েছে বিবিসি, আইটিভি ও এনবিসিসহ নামকরা সংবাদমাধ্যম ও প্রযোজনা প্রতিষ্ঠান।

মোশনভিএফএক্স তাদের বিবৃতিতে বলেছে, “আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মোশনভিএফএক্স অ্যাপল টিমে যোগ দিচ্ছে, যাতে আমরা ক্রিয়েটর ও এডিটরদের তাদের সেরা কাজ করতে আরও বেশি ক্ষমতায়িত করতে পারি। গত ১৫ বছরে আমরা কোয়ালিটি, সহজ ব্যবহার এবং অসাধারণ ডিজাইনের ওপর জোর দিয়েছি। এগুলোই অ্যাপল পণ্যের সেই মূল্যবোধ যা আমরা সবচেয়ে বেশি প্রশংসা করি”।

এই অধিগ্রহণকে অ্যাপলের সদ্য ঘোষিত ‘ক্রিয়েটর স্টুডিও’ সাবস্ক্রিপশন বান্ডেল শক্তিশালী করার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া এই বান্ডেলে ফাইনাল কাট প্রো, লজিক প্রো, পিক্সেলমেটর প্রো-র মতো অ্যাপ রয়েছে, যার মাসিক মূল্য ১২.৯৯ ডলার এবং বার্ষিক ১২৯ ডলার।

মোশনভিএফএক্স-এর টুলগুলো ভবিষ্যতে এই বান্ডেলের অন্তর্ভুক্ত হতে পারে। এতে করে ক্রিয়েটর স্টুডিও ব্যবহারকারীরা অতিরিক্ত অর্থ খরচ না করে সরাসরি এই পেশাদার টুলগুলো ব্যবহার করতে পারবেন। ফলে অ্যাডোবির প্রিমিয়ার প্রো-র সাথে প্রতিযোগিতায় অ্যাপল আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, অ্যাপলের সেবা খাত (সার্ভিসেস) প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে বড় প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠেছে। ২০২৫ অর্থবছরে এই খাত প্রতিষ্ঠানের মোট আয়ের ২৬ শতাংশের বেশি অবদান রেখেছে, যা ২০১৫ সালে ছিল মাত্র ৮.৫ শতাংশ।

ডিবিটেক/বিএমটি