গ্রাহক স্বাস্থ্যসেবায় অ্যামাজনের এআই সহায়ক

গ্রাহক স্বাস্থ্যসেবায় অ্যামাজনের এআই সহায়ক
১১ মার্চ, ২০২৬ ১৫:০০  

অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন তাদের ওয়েবসাইট ও অ্যাপে স্বাস্থ্যসেবাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়ক চালু করছে। মঙ্গলবার (১০ মার্চ) এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এই এআই সহায়ক ৩০টিরও বেশি রোগের চিকিৎসা প্রক্রিয়া সহজ করবে। খবর রয়টার্স।

‘হেলথ এআই’ নামের এই সহায়ক রোগ নির্ণয়ের ফলাফল ব্যাখ্যা করতে পারবে, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবে এবং ওষুধ ও লক্ষণ সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারবে। জানুয়ারিতে ঘোষিত এই মডেলটি আগে শুধু অ্যামাজনের ক্লিনিক্যাল সার্ভিস প্রোভাইডার ‘ওয়ান মেডিকেল’-এর সদস্যদের জন্য উন্মুক্ত ছিল।

অ্যামাজন ওয়ান মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা অ্যান্ড্রু ডায়মন্ড বলেন, “হেলথ এআই স্বাস্থ্যসেবায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী লজিস্টিক্যাল ও তথ্যগত কাজগুলো সামলানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর ফলে রোগী ও চিকিৎসকরা বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে সময় দিতে পারবেন।”

ব্রণ, মাথার উকুন থেকে শুরু করে ডায়াবেটিস ও স্লিপ অ্যাপনিয়ার মতো সাধারণ ও জটিল উভয় ধরনের রোগের ক্ষেত্রেই এই এআই সহায়ক লক্ষণ ব্যবস্থাপনা, ভার্চুয়াল মূল্যায়ন ও চিকিৎসা পরামর্শ দিতে পারবে। তবে এটি চিকিৎসা পরিকল্পনা তৈরি করে না বলে জানিয়েছে অ্যামাজন।

রোগীরা চাইলে এই এআই সহায়ককে তাদের ল্যাব রেজাল্ট, মেডিকেল রেকর্ড ও ক্লিনিক্যাল নোট অ্যাক্সেসের অনুমতি দিতে পারবেন। এছাড়া অ্যামাজনের সাইটে কেনা ভিটামিন বা ব্লাড প্রেশার মনিটরের মতো স্বাস্থ্যসেবা পণ্যের তথ্যও বিশ্লেষণ করে প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারবে এই টুল।

এই এআই সহায়ক ব্যবহারের জন্য অ্যামাজনের প্রিমিয়াম প্রেসক্রিপশন সেবা প্রাইম বা ওয়ান মেডিকেলের সদস্য হওয়ার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। তবে জটিল রোগের ক্ষেত্রে বা চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। ওয়ান মেডিকেলের সদস্য নন বা প্রাইমের প্রচলিত অফার ব্যবহার করছেন না এমন রোগীদের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে প্রতি ভিজিটে ২৯ ডলার খরচ হবে।

ডিবিটেক/বিএমটি