স্যামসাং ফোনে আসছে ‘পারপ্লেক্সিটি’ এআই
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং তাদের নতুন ‘গ্যালাক্সি এস২৬’ সিরিজের ফোনে ‘পারপ্লেক্সিটি’ এআই যুক্ত করতে চলেছে। ফলে ব্যবহারকারীরা তাদের পুরোনো ভার্চুয়াল সহায়ক ‘বিক্সবি’র পাশাপাশি পারপ্লেক্সিটি ব্যবহারের সুযোগ পাবেন। খবর এনগ্যাজেট।
স্যামসাং জানিয়েছে, এই নতুন এআই সহায়ক ‘হেই প্লেক্স’ বলে ডাকলে সক্রিয় হবে। এটি স্যামসাং নোটস, ক্লক, গ্যালারি, রিমাইন্ডার ও ক্যালেন্ডারের মতো অ্যাপের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। পাশাপাশি কিছু তৃতীয় পক্ষের অ্যাপেও এটি ব্যবহার করা যাবে, তবে কোন কোন অ্যাপে কাজ করবে তা এখনও জানায়নি স্যামসাং।
স্যামসাংয়ের মোবাইল এক্সপেরিয়েন্স বিজনেসের প্রধান ও আরঅ্যান্ডডি অফিসের প্রধান ওন-জুন চোই জানান, গ্যালাক্সি এআই সম্প্রসারণের মাধ্যমে ব্যবহারকারীদের কাজ সম্পাদনে আরও পছন্দের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “গ্যালাক্সি এআ একটি অর্কেস্ট্রেটরের মতো কাজ করে, যা বিভিন্ন ধরনের এআইকে একত্রিত করে একটি স্বাভাবিক ও সমন্বিত অভিজ্ঞতা তৈরি করে।”
গত বছর স্যামসাং তাদের টিভিতে পারপ্লেক্সিটির এআই সার্চ ইঞ্জিন যুক্ত করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছিল। তবে সম্প্রতি পারপ্লেক্সিটি কপিরাইট লঙ্ঘন ও কনটেন্ট স্ক্র্যাপিংয়ের অভিযোগে সমালোচিত হচ্ছে। গত সেপ্টেম্বরে মারিয়াম-ওয়েবস্টার ডিকশনারি ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে ।
স্যামসাংয়ের ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট কয়েক দিন পরই অনুষ্ঠিত হবে। সেখানেই এই এআই ইন্টিগ্রেশন এবং নতুন ‘বিক্সবি’ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে আশা করা যাচ্ছে ।
ডিবিটেক/বিএমটি







