ওপেনএআইয়ের বার্ষিক আয় ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওপেনএআইয়ের বার্ষিক আয় ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
২০ জানুয়ারি, ২০২৬ ১০:১৫  

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বার্ষিকীকৃত রাজস্ব ২০২৫ সালে ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার এক ব্লগপোস্টে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা সারা ফ্রায়ার। খবর রয়টার্স।

আগের বছর ২০২৪ সালে ওপেনএআইয়ের রাজস্ব ছিল প্রায় ৬ বিলিয়ন ডলার। তাঁর ভাষ্য অনুযায়ী, এই প্রবৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে কম্পিউটিং সক্ষমতার দ্রুত বিস্তারের।

সারা ফ্রায়ার জানান, ২০২৫ সালে ওপেনএআইয়ের কম্পিউটিং সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৯ গিগাওয়াটে, যা ২০২৪ সালে ছিল মাত্র শূন্য দশমিক ৬ গিগাওয়াট। একই সঙ্গে মাইক্রোসফট-সমর্থিত এই প্রতিষ্ঠানের সাপ্তাহিক ও দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রাজস্ব বাড়াতে ওপেনএআই সম্প্রতি যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটি–র কিছু ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন পরীক্ষামূলকভাবে চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ‘এজেন্ট’ ও স্বয়ংক্রিয় কর্মপ্রবাহভিত্তিক প্রযুক্তির ওপর জোর দেবে বলে জানিয়েছেন ফ্রায়ার। ২০২৬ সালে স্বাস্থ্য, বিজ্ঞান ও করপোরেট খাতে বাস্তব প্রয়োগকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনাও রয়েছে ওপেনএআইয়ের।

ডিবিটেক/বিএমটি