‘ইউজড ফোন’ এর ব্যবসা করতে দিতেই হবে

‘ইউজড ফোন’ এর ব্যবসা করতে দিতেই হবে
৯ ডিসেম্বর, ২০২৫ ১৫:৪১  

চোরাই, রিফারবিশ ও বিদেশে থেকে অবৈধ পথে আনা মোবাইল ফোন বন্ধে অনড় সরকার। অপরদিকে বিদেশে ব্যবহৃত ফোন দেশে আমদানিতে অনড় গ্রে মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা। তারা বলছেন,আমদানি বাণিজ্য নীতি যতই সহজ হোক না কেন আমাদের ‘ইউজড ফোন’ এর ব্যবসা করতে দিতেই হবে।   

আন্দোলন, ভবন ঘেরাও, সড়কে জ্বালাও পোড়াওয়ের পরও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) তৃতীয় দফার বৈঠক শেষে এমনটা জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) নেতারা।     

৯ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে দীর্ঘ  অনুষ্ঠিত ১৪ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম বলেছেন, বৈঠক ফলপ্রসু হয়নি।  বিটিআরসি জানিয়ে দিয়েছে এনিআইআর নিয়ে তাদের কাছে নতুন কোনো সিদ্ধান্ত নেই। 

তিনি আরও বলেন, আমাদের কথা কেউ কর্ণপাত করে না। ভানটা আমরা সহ্য করতে পারছে না।

এর আগে,  দেশের অননুমোদিত মোবাইল আমদানিকারক ও বিক্রেতা এই ব্যবসায়ীরা রবিবার প্রায় ১০ ঘণ্টা আগারগাঁওয়ের সড়কটি আটকে রেখে বিক্ষোভের পর মঙ্গলবার তাদের সঙ্গে তৃতীয় দফা সভা করার সিদ্ধান্ত দেয় বিটিআরসি।

এই সভাকে ঘিরে বেলা ১১ টার আগে থেকেই বিটিআরসি ভবনের আশপাশে জড়ো হন মোবাইল ব্যবসায়ীরা। প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হক। বৈঠকে এমবিসিবি-দের  মূল এজেন্ডা ছিল ব্যবহৃত ফোনের অনুমোদন আদায়, সে বিষয়টিতে বিটিআরসি মোটেও কর্ণপাত করেনি বলেও অভিযোগ করেন তারা।

বৈঠক শেষে ভবনের বাইরে এসে সাংবাদিকদের মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সহ-সভাপতি শামিম মোল্লা বলেন, “আমাদের দাবি কর্ণপাত করে নাই, আমাদের দাবি কেউ আমলে নেয় নাই। আমাদের কথা তারা বুঝে, বলার আগেই বুঝে, কিন্তু না বোঝার ভান করে। এই ভান করাটা আমরা নিতে পারছি না।”

বুধবার এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক আছে জানিয়ে সে পর্যন্ত ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “আপনারা কালকে পর্যন্ত শান্ত থাকেন, তারা আমাদের চোখের পানির দাম তারা দেয় নাই। আগামীকালের মিটিং পর্যন্ত আপনারা শান্ত থাকেন।”
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম বলেন, “আজকে আমরা যারা বিটিআরসির ডিজির সাথে বসেছি, আমাদের একমাত্র এজেন্ডা ছিল ইউজ ফোন। আমরা বলেছি, এদেশে ৭০-৭৫ শতাংশ মানুষ ইউজড ফোন কেনে, ব্যবহার করে আবার বিক্রি করে বা এক্সচেঞ্জ করে। আমরা বারবার বলেছি এই ফোন গুলোকে ক্লোন, কপি ও রিফারবিশড বলে কালিমা লেপন করছেন আপনারা। আমরা ক্লোন-কপি বেচি না, আমরা যে মালটা বিক্রি করি সেটা ধনী দেশের মানুষেরা ছেড়ে দেয়, আমরা সেটা দেশে নিয়ে এসে বিক্রি করি।


“আমরা বলেছি, আপনি বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন আমাদের ইউজড ফোনের বাণিজ্য করতে দিতেই হবে। বিটিআরসি বলেছে আপাতত সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে তাদের প্রিপারেশন নাই। আমরা বলেছি যেহেতু তারা এনইআইআর চালু করার জন্য নতুন ফোনের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছেন, পুরাতন ফোনের জন্য যে ইকুইপমেন্ট লাগে সেটার টাকা আমরা সারা দেশের ব্যবসায়ীরা সেই টাকা দিবো।”


সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, কোনো নজরদারি না থাকায় দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ীরা ‘চোরাই, নিম্নমানের ও পুরনো ফোন রিফারবিশ করে’ বাজারে নতুন করে বিক্রি করছেন। পুরনো ও রিফারবিশ ফোন বিক্রির বিষয়টি এতদিন স্বীকার না করলেও এখন ব্যবসায়ীরা বলছেন তারা বিদেশ থেকে পুরনো ফোন নিয়ে এসে বিক্রি করেন।


বুধবার বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআরের সাথে 'শেষ বৈঠক' জানিয়ে এর পরে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ আসলাম।


আগামী ১৬ ডিসেম্বর দেশে কার্যকর হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার বা এনইআইআর। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের এই বাধ্যবাধকতা কার্যকর হওয়ার পর কেবল সরকার অনুমোদিত বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারবে। তবে ১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে সচল থাকা কোনো হ্যান্ডসেটই বন্ধ করা হবে না বলে সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে । সরকার ও দেশীয় উৎপাদনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রে মার্কেটের ব্যবসায়ীরা যেন বৈধ পথে মোবাইল আমদানি করতে পারে, সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি দেশের বাজারে এরই মধ্যে যে ফোনগুলো এসেছে, সেগুলো বৈধ করার ব্যবস্থা করা হবে।

এমন পরিস্থিতিতে ১০ ডিসেম্বর, বুধবার বিকেলে এমবিসিবিসহ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (এমআইওবি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে সভা হওয়ার কথা রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে (পিটিডি)। সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিত থাকবেন বলে জানিয়েছে। 

ডিবিটেক/আইএইচ/ইকে