ইনস্টাগ্রামের আদলে বদলে যাচ্ছে ফেসবুক
আধুনিকতার সাথে তাল মিলিয়ে নতুন ডিজাইন ও ফিচার উন্মোচন করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা। ফেসবুক ব্যবহারকারীদের জন্য অ্যাপটিকে আরও সরল, পরিষ্কার ও আকর্ষণীয় করতে যেসব পরিবর্তন আনা হচ্ছে, সেগুলোর অনেকটাই ইনস্টাগ্রামমুখী। খবর টেকক্রাঞ্চ।
নতুন আপডেট অনুযায়ী, একসঙ্গে একাধিক ছবি পোস্ট করলে সেগুলো ফিডে গ্রিড আকারে দেখা যাবে। পাশাপাশি, ছবিতে ডাবল-ট্যাপ করে লাইক দেওয়ার সুযোগও যুক্ত হচ্ছে- যা ইনস্টাগ্রামের একটি পরিচিত ফিচার। ফিড ও স্টোরি তৈরি করার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। মিউজিক যোগ করা বা বন্ধু ট্যাগ করার মতো জনপ্রিয় টুলগুলো এবার আরও সহজে পাওয়া যাবে।
সার্চ রেজাল্টে যুক্ত হয়েছে আরও ইমারসিভ গ্রিড ভিউ, যেখানে সব ধরনের কনটেন্ট একসঙ্গে দেখাবে। পাশাপাশি ফুলস্ক্রিন ছবি ও ভিডিও দেখে আগের অবস্থানে ফিরে যাওয়ার পরীক্ষামূলক সুবিধাও চালু করেছে মেটা।
ফিডে অপ্রাসঙ্গিক কনটেন্টের বিষয়ে মতামত জানানোর নতুন উপায়ও যুক্ত হচ্ছে। ইনস্টাগ্রাম ও থ্রেডসের মতো এখানে-ও ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ফিড সাজানোর আরও সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে মেটা।
এ ছাড়া মেনু ডিজাইন বদলানো, মন্তব্য করার অভিজ্ঞতা সহজ করা সহ আরও কিছু পরিবর্তন আসছে। মেটার মতে, ফেসবুককে কম জটিল ও আরও ব্যবহারবান্ধব করতে এটি কেবল শুরু, আগামী বছরে আসবে আরও আপডেট।
ডিবিটেক/বিএমটি







