ডিজনি বোর্ডে অ্যাপলের সাবেক সিওও জেফ উইলিয়ামস

ডিজনি বোর্ডে অ্যাপলের সাবেক সিওও জেফ উইলিয়ামস
১০ ডিসেম্বর, ২০২৫ ১০:১২  

দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি তাদের ২০২৬ সালের বার্ষিক সভায় নতুন স্বাধীন পরিচালক হিসেবে সাবেক অ্যাপল নির্বাহী জেফ উইলিয়ামসকে মনোনীত করেছে। ভোট অনুমোদিত হলে বোর্ডের সদস্য সংখ্যা বাড়বে ১১ জনে। কোম্পানির ওয়েবসাইটে এক পোস্টে এই তথ্য প্রকাশ করা হয়। খবর দ্য ভার্জ।

উইলিয়ামস এ বছর শুরুর দিকে অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা পদ থেকে অবসর নেন। ২০১৫ সালে দায়িত্ব পাওয়ার পর তিনি অ্যাপলের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা, সেবা ও সাপোর্ট কার্যক্রমের পাশাপাশি ডিজাইন টিমও তত্ত্বাবধান করেছেন। প্রায় তিন দশকের ক্যারিয়ারে তিনি অ্যাপল ওয়াচের উন্নয়ন এবং প্রতিষ্ঠানের স্বাস্থ্য ও ফিটনেস কৌশল তৈরির নেতৃত্ব দেন।

ডিজনির বোর্ড চেয়ারম্যান জেমস পি. গোরম্যান বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তি ও নকশা খাতে উইলিয়ামসের অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির সৃজনশীলতা ও উদ্ভাবনমুখী যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মনোনয়ন সম্পর্কে উইলিয়ামস জানান, কল্পনা ও প্রযুক্তির সমন্বয়ে ডিজনির দীর্ঘ ঐতিহ্য তাকে সবসময় অনুপ্রাণিত করেছে।

আগামী বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা উইলিয়ামসসহ বর্তমান ১০ পরিচালককে পুনর্নির্বাচনের বিষয়ে ভোট দেবেন।

ডিবিটেক/বিএমটি