অ্যাপলের সেলস টিমের কর্মী ছাঁটাই
গ্রাহকদের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী করতে বৈশ্বিক সেলস টিমে সীমিত পরিসরে ছাঁটাই করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, অল্প সংখ্যক পদই এই সিদ্ধান্তের আওতায় পড়েছে। একই সঙ্গে তারা নিয়োগ কার্যক্রম চলমান রেখেছে এবং যাঁদের পদ বাতিল হয়েছে, তাঁদের নতুন পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। খবর রয়টার্স।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ছাঁটাইয়ের আওতায় পড়েছেন বড় ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সঙ্গে কাজ করা অ্যাকাউন্ট ম্যানেজাররা। এছাড়া অ্যাপলের ব্রিফিং সেন্টারে কাজ করা সেই কর্মীরাও প্রভাবিত হয়েছেন, যারা প্রতিষ্ঠানের সম্ভাব্য গ্রাহকদের জন্য ডেমো প্রদর্শন ও বৈঠক পরিচালনা করতেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও বিচার বিভাগসহ সরকারি সংস্থার সঙ্গে কাজ করা একটি দলও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৩ দিনব্যাপী সরকারি কার্যক্রম স্থগিত থাকা এবং ‘ডিওজিই’ নামের সরকারি ব্যয়সংকোচন উদ্যোগের চাপের কারণে এই দলের ওপর আগে থেকেই সংকট তৈরি হয়েছিল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেরিজন, সিনোপসিস ও আইবিএমসহ একাধিক প্রযুক্তি কোম্পানি চাকরি ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
ডিবিটেক/বিএমটি



