১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে সিনোপসিস

১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে সিনোপসিস
১৩ নভেম্বর, ২০২৫ ২০:০০  

চিপ ডিজাইন সফটওয়্যার নির্মাতা সিনোপসিস তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ বা দুই হাজার জনকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে। সম্প্রতি অ্যানসিস অধিগ্রহণ সম্পন্নের পর প্রতিষ্ঠানটি নতুন প্রবৃদ্ধি খাতে বিনিয়োগ পুনর্নির্দেশ করতে চায় বলে জানিয়েছে। খবর রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বিলিয়ন ডলারের নগদ ও শেয়ার চুক্তিতে অ্যানসিস কেনার পর গত সেপ্টেম্বর তৃতীয় ত্রৈমাসিক আয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনোপসিস। এর পরেই এই পুনর্গঠনের সিদ্ধান্ত আসে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ছাঁটাই-সংক্রান্ত ব্যয় ও নির্দিষ্ট কার্যালয় বন্ধের খরচসহ ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন ডলার পর্যন্ত প্রাক-কর ক্ষতি ধরা হচ্ছে। ২০২৬ অর্থবছরে বেশিরভাগ ছাঁটাই সম্পন্ন হবে এবং ২০২৭ সালের মধ্যে পুরো পরিকল্পনা শেষ করা হবে।

উল্লেখ্য, চলতি বছর যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে ছাঁটাই বেড়েছে। শুধু অক্টোবর মাসেই যুক্তরাষ্ট্রে এক লাখ পঞ্চাশ হাজারের বেশি চাকরি হারানোর ঘটনা ঘটেছে—যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ। সিনোপসিসের প্রধান গ্রাহকদের মধ্যে রয়েছে এনভিডিয়া, ইন্টেল ও কোয়ালকম।

ডিবিটেক/বিএমটি