অ্যামাজনে আবারও বড় পরিসরে চাকরি ছাঁটাইয়ের প্রস্তুতি
বিশ্বের অন্যতম বড় ই–কমার্স ও প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন আবারও বড় পরিসরে করপোরেট কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই নতুন করে হাজারো কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
এই দফায় অ্যামাজনের ক্লাউড সেবা অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), খুচরা ব্যবসা, প্রাইম ভিডিও এবং মানবসম্পদ ইউনিটে এর প্রভাব পড়তে পারে।
এর আগে গত অক্টোবরে প্রায় ১৪ হাজার সাদা–কলার কর্মী ছাঁটাই করে অ্যামাজন, যা মোট পরিকল্পিত ৩০ হাজার ছাঁটাইয়ের প্রায় অর্ধেক। নতুন দফার ছাঁটাইয়ের সংখ্যা প্রায় একই রকম হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি অ্যামাজন কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, এই ছাঁটাইয়ের মূল কারণ আর্থিক চাপ বা কৃত্রিম বুদ্ধিমত্তা নয়; বরং অতিরিক্ত ব্যুরোক্রেসি ও জটিল করপোরেট সংস্কৃতি। তাঁর ভাষায়, প্রতিষ্ঠানে স্তর ও লোকবল অপ্রয়োজনীয়ভাবে বেড়ে গেছে।
পরিকল্পনা অনুযায়ী, মোট ৩০ হাজার কর্মী ছাঁটাই হলে তা অ্যামাজনের করপোরেট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশের সমান হবে। তিন দশকের ইতিহাসে এটিই হবে অ্যামাজনের সবচেয়ে বড় চাকরি ছাঁটাই।
ডিবিটেক/বিএমটি







