তিন গোল্ড ও দুই সিলভার অর্জন, প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনেও স্বীকৃতি
ইএসজি অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
- ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার পেয়েছে রবি
- কর্মী কল্যাণ, সাপ্লাই চেইন ও প্রযুক্তি উদ্ভাবনে তিন গোল্ড
- বিডিঅ্যাপসের প্রযুক্তি ও টেকসই যোগাযোগ উদ্যোগেও স্বীকৃতি
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ পাঁচটি পুরস্কার অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। তিনটি গোল্ড ও দুটি সিলভার পুরস্কারের মাধ্যমে কর্মী কল্যাণ, সাপ্লাই চেইন, ডিজিটাল উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং টেকসই ব্র্যান্ড যোগাযোগে প্রতিষ্ঠানটির উদ্যোগ স্বীকৃতি পেয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ডে আয়োজিত ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এর অনুষ্ঠানে রবিকে এসব পুরস্কার দেওয়া হয়। জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করে।
রবি কর্মীদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়ন, সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন এবং ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবন—বিডিঅ্যাপসের জন্য—ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার অর্জন করেছে।
এ ছাড়া দক্ষতা উন্নয়ন ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্র্যান্ড যোগাযোগ—বিডিঅ্যাপসের জন্য—ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি সিলভার পুরস্কার পেয়েছে।
প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই ব্র্যান্ড যোগাযোগে বিডিঅ্যাপসকে ঘিরে পাওয়া স্বীকৃতি ডিজিটাল প্ল্যাটফর্মকে ইএসজি লক্ষ্য অর্জনে ব্যবহারের ক্ষেত্রে রবির উদ্যোগকে তুলে ধরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
রবির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান এইচ.ই. মাইকেল মিলার, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত এইচ.ই. নিকোলাস উইকস এবং জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান।
রবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এবং কাস্টমার ভ্যালু সলিউশনস বিভাগের পরিচালক মানিক লাল দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ.ই. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক প্রতিনিধি ফারুক সোবহান এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের নির্বাহী পরিচালক সাদমান সাকিব অনিক।
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দেশের বিশেষায়িত পুরস্কারগুলোর একটি, যা ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশগত সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসন কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য অবদান ও সাফল্যকে স্বীকৃতি দেয়।
//ডিবিটেক/ জেডএইচআইপি/ এসএমই/এমআইএস//





