যবিপ্রবিতে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • • স্বাস্থ্যরক্ষা ও রোগ প্রতিরোধে পুষ্টি প্রাণরসায়নের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়
  • • জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণার দীর্ঘ সুসম্পর্কের কথা তুলে ধরা হয়
  • • তোহকু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পুষ্টির আণবিক ভিত্তি ও স্বাস্থ্য সুরক্ষার কৌশল তুলে ধরেন

যবিপ্রবিতে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৯  

মানবজীবনের সামগ্রিক স্বাস্থ্যরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণে পুষ্টি প্রাণরসায়নের (Nutritional Biochemistry) ভূমিকা ও আধুনিক গবেষণার নানা দিক নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হলো সেমিনার। “অ্যাডভান্সেস ইন নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি টু ইমপ্রুভ কোয়ালিটি অব লাইফ” শীর্ষক সেমিনারটি ৬ সেপ্টেম্বর, রবিবার সকাল ১০টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ ও যবিপ্রবি রিসার্চ সেলের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চিলড্রেন-লেভেল থেকে শুরু করে দীর্ঘ ৪০ বছরের সুসম্পর্ক রয়েছে। বিশ্বমানের গবেষণায় জাপানি ল্যাবরেটরি কেন্দ্রিক ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিক। জাপানি গবেষকদের নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম, সততা ও দেশপ্রেম তরুণ গবেষকদের জন্য অনুকরণীয়। তিনি বলেন, জাপানের ‘রুনপাকু’ পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে অবস্থান করেই তোহকু বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের চমৎকার সুযোগ পাচ্ছেন। উচ্চশিক্ষা ও আধুনিক গবেষণার মান উন্নয়নে যবিপ্রবি এবং তোহকু বিশ্ববিদ্যালয়ের এই যৌথ একাডেমিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব এগ্রিকালচারালের বিশিষ্ট বিজ্ঞানী ও অধ্যাপক ড. হিদেতোশি সিরাকাওয়া (Hidetoshi Shirakawa) এবং অতিথি বক্তা হিসেবে সহযোগী অধ্যাপক ড. ইউশোকু ওহসাকি (Yushoku Ohsaki) পুষ্টির আণবিক ভিত্তি এবং রোগ প্রতিরোধে পুষ্টির ভূমিকা সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণা আলোকপাত করেন। তারা কিডনির কার্যকারিতা রক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণ, মেটাবলিক ডিসঅর্ডার প্রতিরোধ এবং গড় আয়ু বৃদ্ধিতে পুষ্টি ও খাদ্য উপাদানের ভূমিকা উপস্থাপন করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের মাধ্যমে জাতীয় সমস্যার সমাধানের আহ্বান জানান। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, গবেষণাগারের উদ্ভাবন ও আবিষ্কারকে সাধারণ মানুষের বাস্তব জীবনের প্রয়োজনের সাথে যুক্ত করাই মূল লক্ষ্য। এছাড়া বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ও সেমিনারের আহ্বায়ক ড. মো. আলাউদ্দীন এবং রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দীন মনির। অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিনা আক্তারের পরিচালনায় সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 //ডিবিটেক/এমএনএইচ/এসএমই/এমআইএস//