অপতথ্য ও সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করবে না সরকার

অপতথ্য ও সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করবে না সরকার
২১ জুলাই, ২০২৬ ১২:৪২  

‘সরকার অপতথ্য (ডিসইনফরমেশন) ও সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করবে না। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’—প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ মন্তব্য করে জানান, জনস্বার্থে তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

২০ জুলাই, মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার ও মন্ত্রীদের সমালোচনা করার সুযোগ রয়েছে, তবে আইন ভঙ্গের কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘সরকার কারও প্রতি নিপীড়ন করবে না। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে রাষ্ট্র পরিমিত বল প্রয়োগ করবে।’

তিনি অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তথ্যপ্রযুক্তিভিত্তিক অপরাধ, গুজব, অপতথ্য ও সাইবার বুলিং প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং নাগরিকদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। দীর্ঘদিনের একটি কাঠামোগত সংকট একদিনে দূর করা সম্ভব নয়। তবে প্রশাসন ও পুলিশের অনেক সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্যদের বিরুদ্ধেও ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তবে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা জরুরি।

মন্ত্রিসভার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পরিবর্তন আনবেন।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এক বছরেও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা। যাচাই-বাছাই শেষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রেস ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/ইউকেআই/এনএএম//