অ্যানথ্রপিকের সাথে মেটার ১০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার চুক্তির আভাস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের কাছে নিজেদের ডেটা সেন্টার ভাড়া দেওয়ার পরিকল্পনা করছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুই প্রতিষ্ঠানের মধ্যে আলোচনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আলোচনা সফল হলে আগামী দুই বছরের জন্য প্রায় ১ হাজার কোটি (১০ বিলিয়ন) মার্কিন ডলারের একটি বিশাল চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
ব্যবসায়িক বিশ্লেষকদের মতে, এই চুক্তি সম্পন্ন হলে মেটার জন্য আয়ের সম্পূর্ণ নতুন একটি দিগন্ত উন্মোচিত হবে। বর্তমানে মেটার আয়ের সিংহভাগই আসে বিজ্ঞাপন থেকে। তবে ক্লাউড সেবা ও তথ্য সংরক্ষণাগার (ডেটা সেন্টার) ব্যবসার মাধ্যমে অন্য প্রতিষ্ঠানকে কম্পিউটিং শক্তি বা প্রযুক্তিগত সুবিধা দেওয়ার ক্ষেত্রে এটিই হবে মেটার প্রথম বড় পদক্ষেপ। এর আগে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও ডেটা সেন্টারের জায়গা বিক্রির বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। গত বছরের এক সভায় তিনি জানান, প্রতি সপ্তাহেই তারা এমন অনেক অনুরোধ পান এবং ভবিষ্যতে একে আয়ের একটি বিকল্প মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মেটা এবং অ্যানথ্রপিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বাজারে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও, এই চুক্তিটি উভয় পক্ষের জন্যই বেশ লাভজনক হতে পারে। মেটা দীর্ঘদিন ধরে নিজস্ব এআই মডেল তৈরির জন্য ডেটা সেন্টার খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে আসছে। চলতি ২০২৬ সালেই এই খাতে তাদের আনুমানিক ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৫০০ কোটি থেকে ১৪ হাজার ৫০০ কোটি ডলার।
অন্যদিকে, অ্যানথ্রপিকের মতো দ্রুত বর্ধনশীল এআই প্রতিষ্ঠানের জন্য প্রতিনিয়ত বিশাল কম্পিউটিং সক্ষমতার প্রয়োজন হচ্ছে। ফলে মেটার ডেটা সেন্টার ভাড়া নিলে অ্যানথ্রপিক যেমন তাদের প্রযুক্তির গতি বাড়াতে পারবে, তেমনি মেটাও তাদের বিনিয়োগ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে।
এর আগে চলতি গ্রীষ্মের শুরুতে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স এআই-এর সাথেও প্রায় ৪ হাজার ৫০০ কোটি ডলারের একটি অনুরূপ চুক্তি করেছিল ক্লদ কোড নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সেই চুক্তি সম্পন্ন হওয়ার পরপরই গ্রাহকদের জন্য তাদের সেবার পরিধি বহুগুণ বাড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





